যাঁদের জন্য আয়োজন তাঁদের পণ্যই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শন, প্রচার, প্রসার ও বিপণনে সহায়তার জন্য জেলা পর্যায়ে প্রতিবছর মেলার আয়োজন করে শিল্প ও বণিক সমিতি। স্থানীয় উদ্যোক্তাদের জন্য এ আয়োজন হলেও ঠাকুরগাঁওয়ে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় এবার তাঁদেরই কোনো পণ্যের প্রদর্শনীর সুযোগ নেই। 
ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কে সদর ট্রাফিক পুলিশ কার্যালয়ের মাঠে গত বুধবার থেকে শুরু হয়েছে শিল্প ও বণিক সমিতি আয়োজিত মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা।
মেলায় গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, ফটকে শোভাবর্ধনের জন্য পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। ফটকের সামনেই বসেছে ফুচকা-চটপটি বিক্রির একটি দোকান। এর পেছনে একটি আসবাবের দোকান। মাঠে আছে তৈরি পোশাক, সাজসজ্জা, গৃহস্থালি পণ্য, জুতা-স্যান্ডেল, চশমা ও আচার বা খাবারের দোকান। কোনো কোনো স্টল নির্মাণের কাজ এখনো চলছে। মেলায় পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির পণ্য ছাড়া স্থানীয় উদ্যোক্তাদের কোনো পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা নেয়নি।
মেলায় এসে ফিরে যাচ্ছিলেন হলপাড়ার বাসিন্দা ফেরদৌস আরা। তিনি জানান, বাণিজ্য মেলা চলছে দেখে কুটিরশিল্প ও পাটের তৈরি পণ্য কিনতে এসেছিলেন তিনি। কিন্তু মেলায় ঢুকে দেখেন নিম্নমানের তৈরি পোশাক, বাচ্চাদের খেলনা, স্যান্ডেল ও গৃহস্থালি পণ্যের কয়েকটি দোকান থাকলেও স্থানীয় কুটিরশিল্পের কোনো পণ্য খুঁজে পাননি। মেলায় এসে আবদুর রশিদ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কামরুল ইসলাম। তিনি জানান, বাণিজ্যমেলা স্থানীয় উদ্যোক্তাদের ক্ষুদ্র ও কুটিরশিল্প পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ঠাকুরগাঁওয়ে বাণিজ্য মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যই নেই।
শহরের কারুপণ্যের উদ্যোক্তা চন্দনা ঘোষ জানান, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাঁরা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। এই নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টি করে তাঁদের আরও উৎসাহী করে তুলতে এ মেলা ব্যাপক ভূমিকা রাখতে পারত।
ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতির সহসভাপতি এবং বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল জানান, শহরে বাণিজ্য মেলার ব্যাপক প্রচার চালানো হয়। কিন্তু এত কিছুর পরও মেলায় অংশ নিতে স্থানীয় উদ্যোক্তাদের তেমন কোনো সাড়া মেলেনি।
ঠাকুরগাঁও শিল্প ও বণিক সমিতির সভাপতি হাসিবুল ইসলাম জানান, এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে বাজার প্রসারের সুযোগ পান তা ঠিক। তবে নানা সীমাবদ্ধতায় এবার তাঁদের পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তী সময়ে স্থানীয় উদ্যোক্তাদের কথা বিবেচনায় রাখা হবে।