‘যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তাঁরাও ভালো গাড়ি চালাতে পারেন। তাই আমরা বলেছি, যে লিখিত পরীক্ষা হবে তা সহজ করতে। মৌখিক ও ফিল্ড টেস্ট অবশ্যই থাকবে। গতানুগতিক লিখিত পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেবে সরকার। এ ক্ষেত্রে চালকদের জন্য আলাদা প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হবে।’নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল শুক্রবার মাদারীপুর সার্কিট হাউসে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রধানদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রকৃতপক্ষে অধিকাংশ শ্রমিক গাড়ি ধোঁয়া-মোছা করতে করতেই চালক হন। তাঁদের অনেকেই দক্ষ চালক হিসেবে গড়ে ওঠেন। অষ্টম শ্রেণী বা এসএসসি পাস হলেই যে ভালো চালক হবেন, তা কিন্তু ঠিক নয়।’জেলার ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী শাজাহান খান। জেলা প্রশাসক নূর-উর-রহমানের সভাপতিত্বে মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী জেলার চারটি উপজেলার ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রধানের হাতে নয় লাখ ৯৩ হাজার টাকার চেক তুলে দেন।