যাঁদের ভোট চাইতে যান না প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের অধীন পাঁচটি গ্রামে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই ভোট চাইতে যাননি। ওই পাঁচটি গ্রাম পবা উপজেলার হরিয়ান এবং হরিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এলাকাবাসীর দুঃখ, অতীতেও তাঁদের এলাকায় প্রার্থীদের ভোট চাইতে যাওয়ার রেকর্ড কম।
রাজশাহী-৩ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা আয়েন উদ্দিন, বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও জাতীয় পার্টির শাহাবুদ্দিন বাচ্চু।
এলাকার অনেকে জানান, নির্বাচিত হওয়ার পর তাঁদের দুঃখ-দুর্দশা দেখতে এলাকায় যাননি আওয়ামী লীগের কোনো নেতা। তাই এখন ভোট চাইতেও তাঁরা আসছেন না। তিন দিক থেকে ভারতীয় সীমানাঘেরা ও পদ্মা নদী দিয়ে রাজশাহীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ওই গ্রামগুলো হচ্ছে—মাঝারদিয়ার, তারানগর, নবীনগর, খিদিরপুর ও খানপুর। এর মধ্যে পদ্মা নদীর ভাঙনে খানপুর একেবারে বিলীন হয়ে গেছে। তবে এখনো এই এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বাস।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, সেখানে ভোটের কোনো প্রচারণা নেই। কোনো পোস্টার নেই বললেই চলে। চরখিদিরপুর বিদ্যালয়ের দেয়ালে আয়েন উদ্দিনের একটা পোস্টার লাগানো ছিল। তাও অর্ধেক ছিঁড়ে ফেলা। নদীর ঘাট থেকে বিদ্যালয় পর্যন্ত হেঁটে যেতে একটা মানুষও ভোটের কথা বললেন না।
কৃষক শফিকুল ইসলামের কাছে ভোটের কথা তুলতেই তিনি বলেন, ‘পাঁচ বছর আগে নেতারা ভোট চাহিচুহি পাস করে চলে গেছে। আর কোনো দিন আসেনিখো। আমরাও উসব লিয়্যা ভাবছিনিখো।’
চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে কথা হয় গ্রামের কৃষক মতিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘উ ভোট সব লিয়্যা যাক না কেনে। আমহারকে দেখার কিছু নাই। আমরা দেখতেও কেউ যাব না।’ এমন ক্ষোভের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট দিলেও কেউ আমহারকের খোঁজ নিতে আসে না। আমরাও সিদ্ধান্ত লিয়্যাছি ভোটেরও খোঁজ লিতে যাব না।’
কথা শেষ না হতেই বৃদ্ধ রজত আলী এসে বসলেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তাঁর ক্ষোভ আরও বেশি। তিনি বলেন, ‘কে আমহারকে দেখতে আইসিছে? বর্তমান সাংসদ মেরাজ মোল্লাহ ভোট লিয়্যা চলে গেছে। আর কোনো দিনই আসেননি। এখানে একটা ক্লিনিক ছিল। সপ্তাহে কয়দিন ডাক্তার আসত। আইজ তিন মাস থাইক্যা ওডা নদীতে নাইমি গেছে। তার সঙ্গে ডাক্তার আসাও বন্ধ হয়্যা গেছে। কেউ খোঁজ লিতে আসেনি।’
তবে এ ব্যাপারে আয়েন উদ্দিন জানান, প্রচারণার সময় কম পাওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি।