যাঁর জন্য আয়োজন তিনিই লাপাত্তা!
মো. মমতাজ উদ্দিন কুমিল্লার বরুড়া উপজেলার নবগঠিত শাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। জামায়াত-সমর্থিত এই ইউপি চেয়ারম্যানের গতকাল শুক্রবার আওয়ামী লীগে যোগদানের কথা ছিল।
এ উপলক্ষে এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাইকে প্রচার চালানো হয়। বিভিন্ন স্থানে সাঁটানো হয় পাঁচ হাজার পোস্টার। চারটি তোরণ নির্মাণ ও ডিজিটাল ব্যানার করা হয়। যাঁর জন্য আয়োজন, সেই ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিনেরই খোঁজ নেই।
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, বেলা তিনটার দিকে শাকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ওই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মমতাজ উদ্দিনের আওয়ামী লীগের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদানের কথা ছিল। কিন্তু এক সপ্তাহ ধরে এলাকায় নেই মমতাজ উদ্দিন। তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই মঞ্চে কর্মিসভা করেন।
শাকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে সাংসদ নাছিমুল আলম চৌধুরী প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ বিশেষ অতিথি ছিলেন।