যাঁর হাসিতে ভড়কে যেত ভয়ংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতি সম্মেলনে সম্মাননা পাওয়া ব্যক্তিদের সঙ্গে অতিথিরা। আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। ছবিটি আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতি সম্মেলনে সম্মাননা পাওয়া ব্যক্তিদের সঙ্গে অতিথিরা। আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। ছবিটি আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

তাঁর রচনা আঙ্গিক শ্লেষাত্মক। পর্যবেক্ষণে ছিলেন মননশীল। সমাজের অসংগতিকে তিনি চিহ্নিত করেছেন শব্দের ক্যানভাসে। তাঁর রাজনৈতিক দর্শন রূপ পেয়েছে সাহিত্যে। হাসির মধ্য দিয়ে তিনি ধমকে দিয়েছেন ভয়ংকরকে।

একাধারে প্রখ্যাত বিদ্রূপাত্মক রচয়িতা, সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের স্মৃতি সম্মেলনে অংশ নেওয়া বক্তারা তাঁর সাহিত্যকর্মের এভাবেই মূল্যায়ন করলেন।

উপমহাদেশের কীর্তিমান এ পুরুষের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে দিনব্যাপী এ স্মৃতি সম্মেলনের আয়োজন করে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ।

এরই অংশ হিসেবে আজ শুক্রবার সকালের অধিবেশনে মনসুর আহমদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। সেখানে আবুল মনসুর গবেষক, দেশের খ্যাতিমান লেখক, প্রাবন্ধিক, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাহিত্যকর্ম নিয়ে সকালের অধিবেশন শুরুর আগে বক্তব্য দেন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক ও আবুল মনসুর আহমদের ছেলে মাহ্‌ফুজ আনাম। পরে স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘আবুল মনসুর আহমদের রাজনৈতিক ও সাংস্কৃতিক চিন্তার মধ্যে যে মৌলিকতা ছিল, তা বিরল। তিনি (আবুল মনসুর আহমদ) নিজেই বলতেন, বাঙালি মুসলমানের যে আলাদা একটা সংস্কৃতি আছে সেটাকে আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি এ কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন।’

আনিসুজ্জামানের বক্তব্য শেষে আবুল মনসুর আহমদকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের পরই শুরু হয় মূল আলোচনা। সেখানে লেখককে নিয়ে প্রবন্ধ পাড়েন ড. বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, ‘রঙ্গ-ব্যঙ্গের কশাঘাতে তিনি দূর করতে চেয়েছেন সামাজিক অসংগতি। হাসির মধ্য দিয়ে তিনি ধমকে দিয়েছেন ভয়ংকরকে। সাহিত্যিকের পাশাপাশি তাঁকে একজন সমাজবিজ্ঞানী হিসেবেও চিনে নেওয়া যায়।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনও আবুল মনসুর আহমদকে অভিহিত করেন একজন সমাজমনস্ক ব্যক্তি হিসেবে। তিনি বলেন, ‘তাঁর (আবুল মনসুর আহমদ) সাহিত্য মানবজীবনের বহমানতায় সম্পৃক্ত। তিনি দেখিয়েছেন, সাহিত্য কখনোই মানবজীবন থেকে বিচ্ছিন্ন নয়।’

ড. মোরশেদ শফিউল হাসানের মতে, আবুল মনসুর আহমদ তাঁর লেখার মধ্য দিয়ে বাঙালি মুসলমান সমাজকে শোধন ও পরিবর্তন করার চেষ্টা করেছেন।

এ অধিবেশনের সভাপতি লেখক সৈয়দ শামসুল হক বলেন, ব্যঙ্গরচনা কিংবা ব্যঙ্গচিত্রের মতো শিল্পের শক্তিশালী একটা মাধ্যম সমাজের অতিরিক্ত স্পর্শকাতরতার কারণে আজ হারিয়ে যেতে বসেছে। আবুল মনসুর আহমদ সম্পর্কে আলোচনা হবে কিন্তু তাঁর কর্মের ধারাবাহিকতা থাকবে না, এটা হতে পারে না। এ ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

প্রথম অধিবেশন শেষে আবুল মনসুর আহমদের ছয় খণ্ডের রচনাসমগ্র সম্পাদনা করার জন্য ড. রফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অন্যদের মধ্যে আবুল মনসুর আহমদ সম্মাননা পুরস্কার পেয়েছেন ড. নুরুল আমিন, ড. রাজীব হুমায়ূন, ড. মো. চেঙ্গীশ খান, ড. মিজানুর রহমান ও ইমরান মাহফুজ।

পুরস্কার পাওয়া ব্যক্তিদের প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট ও সনদ এবং নগদ ৫০ হাজার টাকা তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান।

এ ছাড়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে সম্মেলন উপলক্ষে গল্প সংকলন ‘আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প’ এবং একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।

১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ‘ইত্তেহাদ’-এর সম্পাদক এবং তৎকালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায় কাজ করেন আবুল মনসুর আহমদ। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।