স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘যাঁরা নির্বাচনকে প্রতিরোধ করার কথা বলেন, যাঁরা গণতন্ত্রকে প্রতিরোধ করার কথা বলেন, তাঁরা রাষ্ট্রের শত্রু, গণতন্ত্রের শত্রু। রাষ্ট্রের সর্বাত্মক শক্তি দিয়ে তাঁদের নির্মূল করা আমাদের কর্তব্য।’
গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরের রূপাতলী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নবনির্মিত ভবন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাংসদ তালুকদার মো. ইউনুস, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি শান্ত আছে। ২৫ অক্টোবর বা এর পরবর্তী সময় নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। ২৫ অক্টোবর সম্পর্কে বিএনপির কিছু নেতা নানাভাবে গুজব ছড়াচ্ছেন। এসব গুজবের কোনো ভিত্তি নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাঁরা সভা-সমাবেশ করার কথা বলে দা-কুড়াল নিয়ে তাঁদের কর্মী-সমর্থকদের সমাবেশে অংশ নেওয়ার ডাক দেন, তাঁরা শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ করবেন বলে বিশ্বাস করা যায় না।