যাঁরা চোখ তুলে নিতে চান তাঁদের ক্ষমা নয়: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আচরণে ‘রাষ্ট্রীয় অশালীনতা’ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘যাঁরা প্রকাশ্যে চোখ তুলে নেওয়ার কথা বলেন, তাঁদের ক্ষমা করা যথেষ্ট হবে না। এই সরকারের পতন আনতে হবে। মানুষ রাষ্ট্রীয় সন্ত্রাস ও অশালীনতা থেকে মুক্তি চায়।’গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ এই মন্তব্য করেন।গত সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে শাজাহান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার চোখ তুলে নেওয়ার হুমকি দেন। এর প্রতিবাদে ঢাকা-১৬ আসনের বিএনপির নেতা-কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন।মওদুদ আহমদ বলেন, ‘আমি আশ্চর্য হব, যদি প্রধানমন্ত্রী তাঁকে (নৌমন্ত্রী) ডেকে বলেন, তুমি এটা কেন করেছ। আমার জানতে ইচ্ছে করে, প্রধানমন্ত্রী কী বলেছেন। ওয়েলডান বলেছেন? নাকি আর কোরো না বলেছেন।’ তিনি বলেন, টেলিভিশনের অনুষ্ঠানে প্রকাশ্যে একজন সম্মানিত নাগরিকের চোখ তুলে নেওয়ার হুমকির মাধ্যমে শাজাহান খান এই সরকারের আচার-আচরণ ও ধৈর্যহীনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।শাজাহান খানকে পরিবহন খাতের চাঁদাবাজির ‘নায়ক’ আখ্যায়িত করেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তিনি দাবি করেন, ‘শাজাহান খান ও তাঁর সন্তানদের ডিএনএ টেস্ট করালে চাঁদাবাজির গন্ধ পাওয়া যাবে।’নৌমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘রফিকুল ইসলাম মিয়াকে নিরীহ, ভদ্রলোক পেয়ে পার পেয়েছেন। আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। ওই অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি যেতে পারিনি। লম্ব লম্বা কথা বলেন, এর জবাব আপনি পাবেন।’পল্লবী থানা বিএনপির নেতা রুহুল আমিন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, সাংসদ রাশেদা বেগম প্রমুখ।