যাঁরা নিরপেক্ষতার কথা বলেন তাঁরা তৃতীয় শক্তির পক্ষে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যাঁরা নিরপেক্ষতার কথা বলেন, তাঁরা তৃতীয় শক্তি, জামায়াত ও সামরিক শাসনের পক্ষে। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভা হয়।  

প্রধান বক্তা হিসেবে হাসানুল হক ইনু বলেন, ‘মৌলিক প্রশ্নে নিরপেক্ষ বা মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। বর্তমান বাংলাদেশে যাঁরা নিরপেক্ষতার কথা বলেন, তাঁরা তৃতীয় শক্তির পক্ষে, জামায়াতের পক্ষে, সামরিক শাসনের পক্ষে।’

বিরোধীদলীয় নেতার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া, আপনাকে ঠিক করতে হবে আপনি জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে থাকবেন, নাকি গণতন্ত্রের সঙ্গে থাকবেন।’

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ‘বিরোধী দল আন্দোলনের ট্রেন মিস করেছে’ বলে মন্তব্য করেন।

সভায় নাসিম বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা আন্দোলনের ট্রেন মিস করেছেন। আন্দোলনের মাসও মিস করেছেন। এখন নির্বাচনের মাস। দয়া করে নির্বাচনে আসুন।’ তিনি বলেন, সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে।

নাসিম বলেন, ‘বিএনপির শাসনামলে নির্বাচনের নামে ভোট কারচুপি হয়েছে। মাগুরার নির্বাচন হয়েছে। এসব কারণেই ১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। তবে ওই আন্দোলন করতে গিয়ে আমরা নির্যাতিত হয়েছি। সংসদ থেকে পদত্যাগ করে জনগণকে নিয়ে আন্দোলন করেছি। কিন্তু বিএনপি তো কোনো সুযোগ-সুবিধা ছাড়তে রাজি নয়। তাই তারা সংসদ থেকে পদত্যাগও করতে পরে না। বাস্তবতা হলো, তারা আন্দোলনের ট্রেন মিস করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম রবিউল ইসলাম। সভা পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক। বক্তব্য দেন      আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ ইলিয়াস মোল্লাহ, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।