যাঁরা নীতিমালা চান না, তাঁরা স্বৈরাচারের দালাল: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যাঁরা নীতিমালা চান না, তাঁরা স্বৈরাচারের দালাল। তিনি বলেন, কোনো বিষয়ে নীতিমালা হলেই একটি গোষ্ঠী হইচই শুরু করে দেয়। কারণ নীতিমালা বাস্তবায়ন হলে তাঁদের স্বৈরাচারী আচরণ বন্ধ হয়ে যাবে। খবর বাসসের।

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, যাঁরা নীতিমালা মানেন না, তাঁরা সংবিধানও মানেন না। দেশকে পেছনের দিকে টেনে ধরতেই তাঁরা নীতিমালা না পড়ে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধিতা করছেন।


মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া সম্প্রচার নীতিমালা না পড়েই এর বিরোধিতা করছেন। নারী বা পুরুষ যেই হোক, তাঁর মাথায় যদি সাম্প্রদায়িকতার বীজ থাকে, তাহলে ভালো কোনো কিছুই তাঁর পক্ষে যাওয়ার কথা নয়। বেগম জিয়ার মাথায়ও এ “গন্ডগোল” রয়েছে।’ তিনি বলেন, ‘তা না হলে নারী নীতিমালা নিয়ে ধর্ম ব্যবসায়ীরা যখন বিতর্ক শুরু করলেন, তখন তিনি নারী হয়েও কীভাবে চুপ থাকলেন?’


চলচ্চিত্রের খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ নীতিমালাও কোনো আইন নয়, বিধান মাত্র। অংশীজনের সঙ্গে আলোচনা করেই নীতিমালা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, খসড়া এ নীতিমালায় চলচ্চিত্রের নির্মাণ, বিতরণ ও প্রদর্শনসংক্রান্ত বিষয়াদি ছাড়াও অপসংস্কৃতি রোধ, অশ্লীলতা বন্ধ, পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সাম্প্রদায়িকতা ও উসকানিমূলক বক্তব্যে যেন সামাজিক দাঙ্গা সৃষ্টি না হয়, এমন নানা ধরনের বিধান রাখা হয়েছে।


তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে ৩৫ কোটি বাঙালি রয়েছে। এর মধ্যে আমাদের দেশে ১৬ কোটি, পশ্চিমবঙ্গে ১০ কোটি এবং ত্রিপুরা, আসাম, বিহারসহ সারা বিশ্বে বাকি নয় কোটি বাঙালির বসবাস। বাংলাদেশের চলচ্চিত্রকে এই ৩৫ কোটি মানুষের বাজার দখল করতে হবে। এ লক্ষ্যে চলচ্চিত্রের উন্নয়নে চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) ডিজিটালকরণ, ভারতের পুনের চেয়ে উন্নত ও আধুনিক ফিল্ম ইনস্টিটিউট গঠন, ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ আয়োজিত এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বৈঠকে সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন বিভাগের প্রধান অধ্যাপক এ জে এম শফিকুল আলম ভূঁইয়া।