যাঁরা বঙ্গবন্ধুও বলতেন না, তাঁরা এখন জাতির পিতাও বলছেন: মঞ্জু
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘ক্ষমতাসীন মহাজোটে প্রভাবশালী এমন শরিকও রয়েছেন, যিনি বা যাঁর দল একসময় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুও বলতেন না। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি, সেই তিনি আজ শুধু বঙ্গবন্ধু নয়, জাতির পিতাও বলছেন।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের এক আলোচনা সভায় আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন। এতে তিনি সভাপতিত্ব করেন।আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ক্ষমতাসীনদের জোটে এমন দলও আছে, যারা কিছুদিন আগেও বঙ্গবন্ধুর মৃত্যুদিবস কিংবা জন্মদিবস পালন করত না।আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, আজও আমাদের পাকিস্তানের দাসত্ব করতে হতো। কিন্তু বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন, সে বাংলাদেশ আমরা এখনো পাইনি।’সভায় আরও বক্তব্য দেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহিম, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধান, যুবসংহতির সভাপতি এম এ কাইয়ুম প্রমুখ।