যাঁরা ভর্তিযুদ্ধে নামতে যাচ্ছেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েটে প্রথম আসিফ ইকবাল
বুয়েটে প্রথম আসিফ ইকবাল

এইচএসসির ফল বেরিয়েছে ২৩ জুলাই। যাঁরা ভালো ফল করেছেন বা তেমন ভালো করতে পারেননি, সবারই লক্ষ্য ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। এ জন্য দরকার ভর্তি পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করা।

কিন্তু ভর্তিযুদ্ধে নামার আগে অল্প এই সময়ে কীভাবে কী করতে হবে, তা ভেবে অনেকেই চিন্তিত। তাঁদের জন্য পরামর্শ দিয়েছেন গত বছরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আসিফ ইকবাল, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রিজভী তৌহিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

যে বিষয়ে পড়ার ইচ্ছা সে বিষয়ে প্রাধান্য দিন: আসিফ ইকবাল এখন বুয়েটে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়ছেন। তিনি বলেন, অনেকে জিপিএ হয়তো কম পেয়েছেন, এ নিয়ে বেশি ভাববেন না। এখন যে সময় হাতে আছে, তা কাজে লাগাতে হবে। যে বিষয়ে পড়ার ইচ্ছা, সে বিষয়কে প্রাধান্য দিতে হবে। একাধিক দিকে মনোযোগ দিলে কোনোটির প্রস্তুতি ভালো হয় না। যাঁরা বুয়েটে পড়তে চান, তাঁরা গণিতে জোর দেবেন আর মেডিকেলে পড়তে চান, তাঁরা বায়োলজি ও কেমিস্ট্রির প্রতি জোর দেবেন। একসঙ্গে একাধিক বিষয়ে ভালো করা যায় না। আমি শুরু থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম। তাই সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। পাঠ্যবই ভালো করে পড়তে হবে। এর বাইরে বিগত বছরের প্রশ্নগুলো ঘাঁটতে হবে। তাহলে ভালো করা যাবে।

মেডিকেলে প্রথম রিজভী তৌহিদ
মেডিকেলে প্রথম রিজভী তৌহিদ

এই কয়টা দিন ফেসবুক থেকে দূরে থাকুন: রিজভী তৌহিদ বলেন, যাঁরা এইসএসসি পাস করেছেন, তাঁদের হাতে এখন সময় খুবই কম। নিয়মিত পড়াশোনা করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। যাঁরা মেডিকেলে পড়তে চান, তাঁরা শুধু এই বিষয়ের ওপর বেশি পড়াশোনা করবেন। প্রতিটি বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আগের বছরের প্রশ্নগুলোতে যা এসেছে, সেগুলো তো বারবার পড়বেনই, অন্য বিষয়গুলোও পড়তে হবে। যেগুলো বারবার ভুল হয়, সেগুলো দাগিয়ে পড়া উচিত। বৈশিষ্ট্য, শর্ত, উদাহরণ, পার্থক্য, ব্যতিক্রমগুলো বেশি করে পড়তে হবে। সাধারণ জ্ঞান আর ইংরেজিতে নম্বর কম বলে অনেকে অবহেলা করে। সেটা করা যাবে না একদমই। সাধারণ জ্ঞান আর ইংরেজির জন্য প্রতিদিনই একটু একটু করে পড়তে হবে। আমি ভালো ইংরেজি পারি—এই বিশ্বাস থেকে ইংরেজির ওপর জোর না দেওয়া ঠিক হবে না। ইংরেজির জন্য বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারেন। আর প্রচুর চর্চা করুন। গাণিতিক বিষয় বা যেসব প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে, সেগুলো পরে দিন। প্রথমে একবার চোখ বুলিয়ে যদি মনে হয়, এই প্রশ্নটার উত্তর দিতে ভাবতে হবে, তাহলে পরের প্রশ্নে চলে যান। একটার উত্তর দিতে গিয়ে যদি তিন-চার মিনিট সময় নিয়ে ফেলেন, দেখা যাবে শেষের দিকে কয়েকটা প্রশ্নের উত্তর করতে পারবেন না। যত দ্রুত সম্ভব সব কটি প্রশ্ন পড়ে ফেলতে হবে। প্রথমবার পড়ার সময় কঠিন মনে হলেও অনেক সময় দ্বিতীয়বার প্রশ্ন সহজ মনে হয়। পরীক্ষার আগের কয়েকটা দিন ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাই ভালো। কয়েক দিন বন্ধ রেখে দেখুন, উপকারটা নিজেই টের পাবেন।

ভালো করতে হলে কোচিং পর্যাপ্ত নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট থেকে গত বছরে প্রথম হয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। তিনি বলেন, ঘ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট। বিজ্ঞান, বাণিজ্য ও কলা—সবার জন্য একই ভর্তি পরীক্ষা হলেও মেধাতালিকা আলাদা হয়। ঘ ইউনিটে ১০০টি প্রশ্নে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রশ্নের মান ১.২। বাংলা ও ইংরেজি থেকে ২৫টি এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞান অংশটিতে আলাদা ২৫টি করে বাংলাদেশবিষয়ক ও আন্তর্জাতিক ঘটনার ওপর প্রশ্ন থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কাটা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম সাইয়েদ বিন আবদুল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম সাইয়েদ বিন আবদুল্লাহ

মো. সাইয়েদ বিন আবদুল্লাহ বলেন, এখন পরীক্ষার ধরন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সবাই এই সময়ে এসে পরীক্ষার মান বণ্টন সম্পর্কে অবগত। আমি বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছি। আগেই ঠিক করে রেখেছিলাম ঘ ইউনিটের বাইরে পরীক্ষা দেব না। এখন ঘ ইউনিটে প্রথম হয়ে আমি আইন বিষয়ে পড়ছি। তাই শিক্ষার্থীদের আগে থেকেই নিজেদের লক্ষ ঠিক করে রাখতে হবে। অনেক এখন কোচিং করছেন। কিন্তু ভালো করতে হলে কোচিং পর্যাপ্ত নয়। প্রতিটি বিষয়ে গভীরে জানতে হবে। বাংলায় ভালো করতে হলে পাঠ্যবই ভালো করে পড়তে হবে। তবে বাংলা ব্যাকরণের খুঁটিনাটি বিষয় পড়তে হবে। ইংরেজিতে ভালো করতে হলে পাঠ্যবই পড়ার প্রয়োজন নেই। ইংরেজি গ্রামার আর ভোকাবুলারি (শব্দসম্ভার) বেশি বেশি জানতে হবে। ভালো ফল করতে ইংরেজিতে ভালো নম্বর তুলতে হবে। এ ছাড়া সাধারণ জ্ঞানে ভালো করতে কোনো একটি বিষয়ের গভীর জ্ঞান থাকতে হবে। এটি জানতে ভালো মানের বই বা ইন্টারনেটের সহায়তা নেওয়া যেতে পারে। আমরা গ্রুপ করে সাধারণ জ্ঞান পড়তাম। নিজেদের জ্ঞান শেয়ার করতাম। এভাবে অনেক শিখেছি। কোচিং বা প্রাইভেট পড়া দরকার কি না, তা নিজের সক্ষমতার ওপর নির্ভর করে। তবে পুরোপুরি কোচিংনির্ভর ভালো না। ভালো ফল করতে এর বাইরে পড়াশোনা করা দরকার।