যাঁরা শুনলে কাজ হবে তাঁরাই শোনেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাজনৈতিক সংঘাত মূলত নির্বাচনকেন্দ্রিক। ক্ষমতায় যেতে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ঘায়েল করতে চলে রাজনৈতিক সহিংসতা। এ অবস্থা থেকে বের হয়ে আসতে না পারলে গণতন্ত্র কার্যকর করা যাবে না। সিলেটে গতকাল রোববার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত নাগরিক সংলাপে এসব মতামত উঠে আসে।
‘রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতীয় সনদ (খসড়া)’ শীর্ষক এ সংলাপ নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। রাজনৈতিক সংকট সমাধানের বিষয়ে আলোচকেরা বলেন, যাঁরা শুনলে কাজ হবে তাঁদের না শোনাটাও আরেক সমস্যা। এ কারণে কোনো পরামর্শ, উদ্যোগ আলোর মুখ দেখে না। স্থিতিশীল পরিবেশের জন্য বড় রাজনৈতিক দলকে ‘বড়’ ভূমিকা রাখতে হবে।
নাগরিক সংলাপের শুরুতে ‘রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতীয় সনদ (খসড়া)’ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সংলাপে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি শামীমুর রহমান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী সৈয়দা শিরিনা আক্তার, বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক নাজমা পারভীন, বাংলাদেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা আক্তার, আইনজীবী নিতু কুণ্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী নাগরিক সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
জাতীয় সনদের লিখিত খসড়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, সহিংসতা ও নির্বাচন পদ্ধতি সংস্কার করে গণতন্ত্রের সুরক্ষায় সুজনের প্রস্তাব তুলে ধরা হয়। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আচরণ, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলা, নৈতিক মানদণ্ড নির্ধারণ করে রাজনৈতিক দলগুলোকে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার ব্যাপারে ঐকমত্যে আসা, নির্বাচন কমিশন থেকে কঠোর নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও ভোটারদের তথ্যভিত্তিক ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন করে হলেও ছাত্র রাজনীতির ক্ষেত্রে দলীয় লেজুড়বৃত্তি ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়।
প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সম্মতিতে একটি সমঝোতা স্মারক প্রয়োজন।