যাওয়ার কথা শ্বশুরবাড়ি যেতে হলো হাসপাতালে
মেয়েটির বিয়ের দিন ছিল গতকাল শুক্রবার। সেজেগুজে যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি। এর পরিবর্তে তাঁকে যেতে হয়েছে হাসপাতালে। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে মনোমালিন্যের জের ধরে হলুদের অনুষ্ঠানে হামলা চালিয়েছে তাঁরই বড় বোনের শ্বশুরবাড়ির লোকজন।
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে ওই সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। এখন বিয়েটি হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে মেয়েটির পরিবার।
জানতে চাইলে গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, সামান্য বিষয় নিয়ে এ ধরনের সংঘর্ষের ঘটনা দুঃখজনক।
স্থানীয় কয়েকজন বলেন, মেয়েটির বাবা কৃষক। তিনি পাশের দুর্গাপুর উপজেলায় ছোট মেয়ের বিয়ে ঠিক করেন। এ উপলক্ষে আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়। তবে ভালোভাবে দাওয়াত দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন বড় মেয়ের শ্বশুর পরিবারের সদস্যরা। এর জের ধরে বড় মেয়েকে বিয়ের অনুষ্ঠানে যেতে না দিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাবা বড় মেয়েকে আনার জন্য যান। সেখানে বড় মেয়ের শ্বশুর ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি ঘটে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় মেয়ের শ্বশুরপক্ষের লোকজন সংগঠিত হয়ে রাত নয়টার দিকে বিয়েবাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে হলুদের অনুষ্ঠান চলছিল। হলুদের আসরেই কনেসহ তাঁর পরিবারের পাঁচজন সদস্যকে পিটিয়ে ও কামড়িয়ে আহত এবং মালামাল ভাঙচুর করা হয়। সংঘর্ষে প্রতিপক্ষেরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাঁদতে কাঁদতে মেয়েটি বলেন, দুলাভাইয়ের পরিবারের লোকজন হামলা চালিয়েছে। বিয়ের কী হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
মেয়েটির বাবা বলেন, উভয় পরিবারই বিয়ের প্রস্তুতি সম্পন্ন করেছিল। এখন বরপক্ষকে বিয়ে বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পরে বিয়ে হবে কি না, সে বিষয়ে ছেলের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
বড় মেয়ের স্বামী বলেন, তাঁর পরিবার এঘটনার জন্য দায়ী। তবে সামান্য ঘটনা নিয়ে এত বড় কিছু হবে—তিনি ভাবতেও পারেননি।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, তিনি ঘটনাটি জানেন না। এ ঘটনায় কেউ মামলা করতেও আসেননি। এলে ব্যবস্থা নেওয়া হবে।