যাওয়ার খরচ তোলা যাবে তিন মাসের মধ্যেই: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে আবার জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। তবে দালাল প্রথাসহ নানা অনিয়ম বন্ধে এবার সরকারিভাবে (জিটুজি) লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ ছাড়া একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে যে খরচ হবে, তিন মাসের মধ্যেই তিনি সেই টাকা তুলতে পারবেন। রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়ামও এ সময় উপস্থিত ছিলেন। এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি খসড়া সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।প্রায় সাড়ে তিন বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ। দীর্ঘ এই সময় কয়েক দফায় কূটনৈতিক আলাপ-আলোচনা হলেও এ দেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেয়নি দেশটি। তবে শেষ পর্যন্ত এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে। আর সেটি চূড়ান্ত করতেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী গত মঙ্গলবার বাংলাদেশ সফরে আসেন।প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়েছে। এ ছাড়া দেশটি জনশক্তি নিয়োগে বাংলাদেশকে উৎস দেশ (সোর্স কান্ট্রি) ঘোষণা করতেও সম্মত হয়েছে। মন্ত্রী জানান, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনিয়ম বন্ধ করতে দুই দেশই এবার সরকারিভাবে লোক নেবে। এ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা আর থাকবে না। এ ছাড়া অভিবাসন খরচও অনেক কমে আসবে। উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কার্যকর কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মালয়েশিয়া সফর করে সমঝোতা স্মারক চূড়ান্ত করবে। এবার অভিবাসন খরচ খুব কম হবে জানিয়ে মন্ত্রী বলেন, একজন শ্রমিকের যে খরচ হবে, তিনি তাঁর তিন মাসের বেতন থেকেই সেই টাকা তুলতে পারবেন। এ ছাড়া খসড়া সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মীর যাওয়ার বিমান ভাড়া বহন করবেন নিয়োগ কর্তা, যা কর্মীর বেতন থেকে কিস্তিতে সমন্বয় করা হবে। এ ছাড়া কর্মীর ফেরত বিমান ভাড়াও বহন করবেন নিয়োগ কর্তা।মন্ত্রী জানান, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যাওয়ার আগে একটি প্রশিক্ষণ নেবেন। সেখানে তাঁদের মালয় ভাষা, সংস্কৃতি ও আচরণের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এবার প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য একজন কর্মী দেশটিতে থাকতে পারবেন এবং পরে আরও পাঁচ বছর সেটি বাড়ানো যাবে।সংবাদ সম্মেলনে এস সুব্রামানিয়াম বলেন, ‘বাংলাদেশ থেকে আমরা আবার লোক নেব। তবে কবে নাগাদ লোক নেব, কত লোক নেব সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমাদের অর্থনীতির প্রয়োজন বুঝেই সেটি করা হবে। এ ছাড়া বাংলাদেশকে সোর্স কান্ট্রি করার চিন্তাও আমাদের আছে।’