যাচাই করে দেখছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে শিশু রয়েলকে থানাহাজতে রাখার বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে পুলিশ বিভাগ। এই লক্ষে গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী মহেশপুর থানায় যান।

অতিরিক্ত পুলিশ সুপার প্রথমে থানায় যান। এরপর যান লাটিমা গ্রামে, যেখান থেকে মায়ের সঙ্গে শিশুটিকে আটক করা হয়েছিল। সেখান থেকে তিনি যান ওই মা-শিশুর গ্রামের বাড়ি একই উপজেলার ভালাইপুরে। সেখানে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে সহকারী পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) জহিদুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা ছিলেন।

পরে মহেশপুর উপজেলা সদরে সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আজবাহার আলী প্রথম আলোকে বলেন, ‘সবকিছু খোঁজখবর নেওয়া হচ্ছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

গত বুধবার রাত আটটার দিকে মহেশপুর থানার পুলিশ কর্মকর্তা আমির হোসেন লাটিমা গ্রামে অভিযান চালান রাজু আহম্মদ নামের এক ব্যক্তিকে আটক করতে। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে আটক করে থানায় নিয়ে যান। সেখানে তাদের হাজতে রাখা হয়। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে তাঁর স্ত্রী-পুত্রকে থানায় ধরে আনা আইনের দৃষ্টিতে কতটুকু বৈধ—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ নিয়ে গতকাল প্রথম আলোতে সব পক্ষের বক্তব্যসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।