যাচাই করে দেখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা নতুন শাখা গঠনের যে ঘোষণা দিল, তার নাম দিয়েছে ‘কায়েদাত আল-জিহাদ ইন দি ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’। অনলাইনে পোস্ট করা এক ভিডিওবার্তায় নতুন শাখা গঠনের ঘোষণা দেন আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরি।
এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়, আল-কায়েদার এই নতুন শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলিমদের জন্য ‘সুখবর’ হিসেবে অভিহিত করেন জাওয়াহিরি। তিনি বলেন, অবিচার ও নিপীড়ন থেকে তাদের রক্ষা করবে এই শাখা। ভারত, মিয়ানমার ও বাংলাদেশে জিহাদকে এগিয়ে নেবে তারা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। এই ভিডিও কোথা থেকে কীভাবে এল, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
তবে মিয়ানমারের কর্মকর্তারা গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জাওয়াহিরির নতুন ভিডিওবার্তা সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
ভিডিওবার্তাটি শুরু হয় বিন লাদেনের বক্তৃতার একটি ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে। পরে স্যাটেলাইট মানচিত্র থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ ও হর্ন অব আফ্রিকার অংশ কেটে কেটে দেখানো হয়। এর পরই দৃশ্যপটে আবির্ভাব ঘটে জাওয়াহিরির। সাদা গোঁফ-দাড়িওয়ালা জাওয়াহিরির মাথায় ছিল সাদা পাগড়ি। চোখে চশমা। উর্দু এবং নিজের মাতৃভাষা আরবিতে কথা বলছিলেন বসে। টেবিলের ওপর কিছু বই এবং কলম ও তসবিহ রাখার পাত্র। তাঁর পেছনে ফুলের ছবিসংবলিত তামাটে রঙের পর্দা।
ভিডিওর একাংশে আরও কয়েকজনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি অসিম উমরের কণ্ঠ শোনা যায়। তবে তাঁকে দেখানো হয়নি। ভিডিওবার্তাটি তৈরি করেছে আল-কায়েদার গণমাধ্যম শাখা আস-সাহাব মিডিয়া ফাউন্ডেশন। আর প্রকাশ করে জিহাদিদের বিভিন্ন অনলাইন ফোরাম।
প্রসঙ্গত, বিগত দিনে বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্তানে গিয়ে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁদের অনেকে এ দেশে ফিরে পরবর্তী সময়ে হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশসহ (হুজি-বি) একাধিক জঙ্গি গঠন করেছেন। হুজি-বি ছাড়াও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), তাআমির উদ-দ্বীন, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুসলিমিনসহ আরও কয়েকটি গোপন জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে। এসব সংগঠনের সঙ্গে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আল-কায়েদার ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনের যোগাযোগের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমে বের হয়েছে।
অবশ্য এসব জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের প্রায় সবাই বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। অনেকের সাজাও হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে এসব জঙ্গিগোষ্ঠী কোণঠাসা হয়ে পড়লেও নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, জাওয়াহিরির এই ঘোষণা তাদের উজ্জীবিত করতে পারে। বিশেষ করে, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে এ ধরনের গোষ্ঠীগুলো সুযোগ নিতে পারে বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক মো. নুর খান।
১৯৮০-এর দশকে আল-কায়েদা প্রতিষ্ঠা করেছিলেন সৌদি ধনাঢ্য পরিবারের সন্তান ওসামা বিন লাদেন। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলা করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে সংগঠনটি। ২০১১ সালের মে মাসের পাকিস্তানে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন বিন লাদেন। এরপর সংগঠনের নেতৃত্বে আছেন মিসরীয় চিকিৎসক জাওয়াহিরি।