যাচাই করে ফ্ল্যাট কেনার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকের অধীন এলাকায় আড়াই শতাধিক ভূমি প্রকল্পের (ল্যান্ড প্রজেক্ট) মধ্যে মাত্র ২৮টির অনুমোদন রয়েছে। কিন্তু অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলোর ক্ষেত্রে এ সমস্যা তেমন নেই। অবশ্য রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে কেউ ভবন নির্মাণ করছে কি না, সেটা যাচাই করার দায়িত্ব ক্রেতাদের।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, রাজউক থেকে নকশা অনুমোদন করে বেশির ভাগ অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবন তৈরি হয়। কেউ নকশার ব্যত্যয় ঘটালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এদিকে রাজউক এলাকা বা ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) বাইরে রিয়েল এস্টেট আইনের আওতায় কিছু কর্তৃপক্ষ গঠন করে দেওয়া হয়েছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, রিয়েল এস্টেট আইন, ২০১০-এর আওতায় রাজউক বা ড্যাপ এলাকার বাইরে বিভিন্ন সেবা সংস্থার অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে প্রকল্পের লে-আউট প্ল্যান বা নকশা অনুমোদন করা যায়। তবে ইউনিয়ন পরিষদ কিছুতেই এ ধরনের অনুমোদন দিতে পারবে না। পূর্তসচিব বলেন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় বিভাগীয় উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। তারা এখন অনুমোদনের কাজটি করতে পারে। রংপুর, সিলেট, কক্সবাজার ও কুয়াকাটায়ও আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ করা হবে। যত দিন কর্তৃপক্ষ গঠিত না হয়, অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কাজ করতে পারবে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় সরকার প্রধান (মেয়র) অনুমোদনের কাজ করতে পারবেন। রিহ্যাবের জ্যেষ্ঠ সদস্য এবং সূচনা ডেভেলপমেন্টের স্বত্বাধিকারী আকিল আখতার চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, রাজউক থেকে অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলোর অনুমোদন নিয়েই তাঁরা কাজ শুরু করেন। তবে কেউ কেউ নকশা জমা দিয়েই বিপণনে চলে যায়। তাদের জন্যই অনেক ক্রেতা প্রতারণার শিকার হন। তিনি বলেন, অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্ল্যান জমা দিয়েই বিপণন শুরু করেছে, এমন অনেক কোম্পানির প্রকল্পের স্টল আছে মেলায়।