যাচাই করে স্নাতক স্তরে ভর্তির পরামর্শ ইউজিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস ও কোর্সের অনুমোদন আছে কি না, তা যাচাই করে নিতে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য সমস্যাকবলিত বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউজিসি।

১৮ আগস্ট উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বিজ্ঞপ্তি দিয়ে ইউজিসি বলছে, অনুমোদনহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে কেউ ভর্তি হলে তার দায়দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি নেবে না। ইউজিসির কর্মকর্তারা বলেছেন, ভর্তি হয়ে কেউ যাতে প্রতারিত না হন, সে জন্যই এ বিজ্ঞপ্তি। ইউজিসির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে ভর্তির পরামর্শ দেন তাঁরা।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৯৪টি। এর মধ্যে ইবাইস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ বা মালিকানা নিয়ে বিভক্তি আছে। একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। কুইন্স ইউনিভার্সিটি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও মামলা আছে। কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলেও মামলা নেই। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও এর সব শাখা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

অনিয়মের কারণে সরকার আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটি বন্ধ করলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছে। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির রাজধানীর নর্দার (প্রগতি সরণি) ক্যাম্পাস ছাড়া উচ্চ আদালতের রায় অনুযায়ী অননুমোদিত শাখা ক্যাম্পাসগুলো বন্ধের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। ইউজিসি দেশের বিভিন্ন জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের ১৬টি শাখা ক্যাম্পাসের খোঁজ পেয়েছে, যেগুলো অননুমোদিত।

ইউজিসি জানিয়েছে, সরকার অনুমোদিত পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির চট্টগ্রামের ওআর নিজাম রোড ও বায়েজিদ বোস্তামী রোডে দুটি শাখা ক্যাম্পাস আছে। সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন স্থানে সাতটি ক্যাম্পাস আছে। অবশ্য সাউদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিকে চিঠি দিয়ে দাবি করেছে, সরকার অনুমোদিত চট্টগ্রামের মেহেদীবাগ ও শহীদ মির্জা লেন ছাড়া অন্য কোথাও তাদের ক্যাম্পাস নেই। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—চিটাগাং, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ও প্রাইম ইউনিভার্সিটির (উত্তরায়) অননুমোদিত ক্যাম্পাস রয়েছে।

কমিশনের নির্দেশনা অনুযায়ী নর্দান ইউনিভার্সিটি তাদের রাজশাহী ক্যাম্পাস বন্ধ করেছে। অধ্যয়নরত শিক্ষার্থীদের ইউজিসি অনুমোদিত রাজধানীর বনানী ক্যাম্পাসে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় পাঁচটি শাখা ক্যাম্পাস বন্ধ করে এসব ক্যাম্পাসের শিক্ষার্থীদের অনুমোদিত সীতাকুণ্ডের কুমিরা ক্যাম্পাসে অবশিষ্ট কোর্স শেষ করার ব্যবস্থা নিয়েছে বলে ইউজিসিকে জানিয়েছে।