যাচাই না করেই ২৬ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত
যাচাই না করেই জয়পুরহাটের আক্কেলপুরে ২৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে। ঈদুল আজহার দুই দিন আগে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে তাঁরা সম্মানী ভাতা উত্তোলন করতে পারেননি।
সম্মানী ভাতা-বঞ্চিত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন লস্কর অভিযোগ করেন, ‘আমি আগে থেকে সম্মানী ভাতা পাচ্ছিলাম। ঈদের আগে হঠাৎ করেই সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও আমার সম্মানী ভাতা বন্ধ করা হয়েছে।’
সম্মানী ভাতা পাওয়া মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন চৌধুরী বলেন, ‘যে কারণে ২৬ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রাখা হয়েছে। একই কারণ থাকা সত্ত্বেও অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আটকে রাখা হয়নি।’
সোনালী ব্যাংকের আক্কেলপুর শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে ব্যাংকে পাঠানো তালিকায় ২৬ জন মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা সম্মানী ভাতা পাননি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান বলেন, ‘এই উপজেলায় মাসিক সম্মানী ভাতাভোগী ৩৮২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযোদ্ধা-সংক্রান্ত কয়েকজনের কাগজপত্রে ত্রুটি সন্দেহে সব মুক্তিযোদ্ধা ঈদের আগে সম্মানী ভাতা পাওয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছিলেন। পরে আমরা কাগজপত্রে ত্রুটি রয়েছে এমন ২৬ জন মুক্তিযোদ্ধার তালিকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে দেওয়ার পর তাঁদের সম্মানী ভাতা স্থগিত করা হয়। এর মধ্যে রায়কালি ইউনিয়নের চারজন, তিলকপুর ইউনিয়নের চারজন ও আক্কেলপুর পৌরসভার ১৮ জন রয়েছেন।’
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ঈদের আগে উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ প্রশিক্ষণে ছিলেন। এ কারণে ঈদের আগে মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান কমিটি মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই করতে পারেনি। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পাঠানো তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে।
ঈদের কয়েক দিন আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অনুযায়ী যেসব মুক্তিযোদ্ধার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যৌথ সম্মতি সনদ, সরকারি গেজেটে নাম ও মুক্তিযোদ্ধার সনদআছে, তাঁরাই মাসিক সম্মানী ভাতা পাবেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঈদের আগে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কমিটি মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই করতে পারেনি। তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দেওয়া তালিকা অনুযায়ী কয়েকজন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত রয়েছে।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ‘আমি ঈদের আগে প্রশিক্ষণে ছিলাম। এখানকার অতিরিক্ত দায়িত্বে থাকা ক্ষেতলালের ইউএনও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া তালিকা অনুয়ায়ী ওই ২৬ জনের ভাতা স্থগিত রেখেছেন। শিগগিরই কমিটি গঠনের পর মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই করা হবে।’