যাচাই-বাছাই শুরু হচ্ছে আজ, নিয়োগ কোথায় সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মহীন শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে আজ মঙ্গলবার শুরু হচ্ছে শ্রমিকদের যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা। যাচাই-বাছাই শেষে এসব শ্রমিককে কোথায় কখন নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। ডক শ্রমিক, স্টিভিডোরিং স্টাফ এবং মার্চেন্ট শ্রমিক—এই তিন শ্রেণীর অন্তত তিন হাজার শ্রমিক বেকার রয়েছেন বলে বন্দরের এ সংক্রান্ত কমিটি শনাক্ত করেছে।গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌপরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিকনেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মহীন শ্রমিকদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরি করতে বন্দর সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এস আরিফ মাহমুদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটিতে বন্দর কর্মকর্তা, বেসরকারি অপারেটর এবং শ্রমিক প্রতিনিধিরা রয়েছেন।যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক বন্দর সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আরিফ মাহমুদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই শেষে শারীরিকভাবে সক্ষম শ্রমিকদের তালিকা করা হবে। শ্রমিকদের নিয়োগ দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কমিটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিনটি উপকমিটি তিন শ্রেণীর শ্রমিকদের কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই করবে। প্রতিটি কমিটির সদস্য আটজন। এর বাইরে কমিটিতে একজন করে বেসরকারি অপারেটরের প্রতিনিধি এবং চিকিত্সক থাকবেন। কমিটির একজন সদস্য জানান, আজ মঙ্গলবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার ৫০০ কর্মচারী-শ্রমিকের শারীরিক সক্ষমতা ও কাগজপত্র যাচাইয়ের জন্য বন্দর স্টেডিয়ামে ডাকা হয়েছে। এর বাইরে বাদ পড়া শ্রমিকদের ২ ফেব্রুয়ারি যাচাই করা হবে। ২০০৭ সালের ১৬ মে থেকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক নিয়োগ পদ্ধতি বার্থ অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। যখন যতজন শ্রমিক দরকার বার্থ অপারেটররা ঠিক ততজন শ্রমিক কাজের আগে নিয়োগ দিচ্ছে। বন্দরের কাজে বার্থ অপারেটরিং প্রথা চালুর আগে পর্যন্ত ১৯৮০ সালে প্রণীত ‘ডক শ্রমিক (নিয়োগ ও নিয়ন্ত্রণ) আইনের আওতায় গঠিত ‘ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড’ শ্রমিক নিয়োগ দিত। বন্দরের কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম এখন বেসরকারি অপারেটররা পরিচালনা করছে। শ্রমিক নিয়োগ দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ের কোনো আলাপ-আলোচনা হয়নি। তবে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হলে কর্মরত শ্রমিকদের কাজ কমে আসতে পারে বলে আশঙ্কা করছে কর্মরত শ্রমিকদের একটি অংশ। সে ক্ষেত্রে মজুরি কম পাওয়ারও আশঙ্কা করছে তারা। যাচাই কমিটির সদস্য শিপ হ্যান্ডলিং অপারেটরের আহ্বায়ক এম এ বকর বলেন, শ্রমিক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বন্দরে এখন পর্যাপ্ত শ্রমিক কাজ করছেন।