যাচাই-বাছাইয়ের পর তালিকা নিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে দুই ব্যক্তিকে রাজাকার থেকে মুক্তিযোদ্ধা করার অভিযোগ উঠেছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রকাশিত তালিকায় নতুন ৮৪ জনের মধ্যে অধিকাংশই প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলেও অনেকে অভিযোগ করেছেন।

এ ঘটনায় গত ২৪ মে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনামুল হকসহ ২২ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র মুক্তিযুদ্ধবিষয়ক সচিব বরাবর পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের (ডিসি) কাছে অভিযোগের অনুলিপিও পাঠানো হয়েছে।

ওই অভিযোগ সূত্রে জানা যায়, ২০ মে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গেজেটভুক্ত আগের মুক্তিযোদ্ধাসহ ৫২৩ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করে। তালিকায় ৪৮৭ নম্বর ক্রমিকে মো. শাহাদৎ হোসেন ও ৫১৪ নম্বর ক্রমিকে মো. আবদুস ছাত্তার রয়েছেন। ওই দুই ব্যক্তি এলাকায় রাজাকার হিসেবে পরিচিত। যাচাই-বাছাই কমিটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই দুই রাজাকারসহ ৮৪ জনকে মুক্তিযোদ্ধা করার সুপারিশ ঢাকায় পাঠিয়েছে। এই ৮৪ জনের মধ্যে অধিকাংশই ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যুদ্ধ করা তো দূরের কথা, যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের নামই জানেন না। অন্যদিকে যেসব মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন পানোয়ার (ভারত) সনদধারী রয়েছেন। তাঁরা গরিব হওয়ায় টাকা দিতে না পারায় তাঁদের মুক্তিযোদ্ধা করার সুপারিশ করা হয়নি।

অভিযোগকারী কয়েকজন মুক্তিযোদ্ধা প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই শেষে নতুন মুক্তিযোদ্ধাদের নাম দেখে নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। সরকারের যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা অথচ বিভিন্ন কারণে তালিকায় তাঁদের নাম ওঠেনি, তাঁদের মুক্তিযোদ্ধা করার জন্য সুপারিশ করা। কিন্তু যাচাই-বাছাইয়ে উল্টো রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এসব তো এমনিতেই হয়নি। যাচাই-বাছাইয়ে প্রচুর টাকার খেলা হয়েছে।

তবে অভিযোগের এক নম্বর স্বাক্ষরদানকারী এনামুল হককে এলাকায় পাওয়া যায়নি। তিনি ওমরাহ পালন করতে গেছেন বলে জানিয়েছেন অভিযোগে স্বাক্ষরকারী অন্য মুক্তিযোদ্ধারা।

অভিযোগপত্রে সই দেওয়ার কথা স্বীকার করে মো. মনতাজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে টাকার খেলা হয়েছে বলে শুনেছি।’

অভিযুক্তমো. শাহাদৎ হোসেন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা ছিলাম। প্রাথমিকের শিক্ষকতা করতাম, তাই মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠানোর চেষ্টা করিনি। সরকার সুযোগ দিয়েছে, তাই মুক্তিযোদ্ধা হয়েছি।’

মো. আবদুস ছাত্তার বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা। যাঁরা আমাকে রাজাকার বলেছেন, তাঁরাই মুক্তিযোদ্ধা কি না, সন্দেহ রয়েছে।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য জবির উদ্দিন গত রোববার প্রথম আলোকে বলেন, কিছু বিতর্কিত ব্যক্তি ও অমুক্তিযোদ্ধার নাম তালিকায় রয়েছে। তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে। তবে টাকার বিনিময়ে অমুক্তিযোদ্ধা কাউকে মুক্তিযোদ্ধা বানানো হয়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ইউএনও হুসাইন শওকত বলেন, রাজাকার ছিলেন, এমন দুই ব্যক্তির নাম প্রকাশিত তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে রয়েছে বলে শোনা যাচ্ছে। এমনটা হলে তাঁদের পুনরায় কাগজপত্র দেখে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

বদলগাছি উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি সাংসদ সাধন কুমার মজুমদার গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাইয়ে দুজনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের একজন রাজাকার হয়ে মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। আরেকজন অমুক্তিযোদ্ধা ছিলেন। স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে।