যাচাই শেষ পর্যায়ে, অনুমতির অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ৭৫টি আবেদন জমা পড়েছে। এগুলোর মধ্যে গতকাল সোমবার নতুন ২২টি আবেদনের ওপর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল ৪২টি আবেদন যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, যাচাই-বাছাই হওয়া এই ৬৪টি আবেদনের মধ্য থেকে খুব শিগগির নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় চালুর অনুমতি দেওয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উদ্যোক্তা জানান, ইতিমধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাই দ্রুত অনুমতি দেওয়া না হলে চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা সম্ভব হবে না।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী বলেন, ‘আবেদনকারীরা ন্যূনতম শর্ত মেনেছেন কি না, তা দেখা হয়েছে। অনুমোদন দেওয়ার আগে উদ্যোক্তাদের অবস্থান, বিশ্ববিদ্যালয় করার মতো অভিজ্ঞতা আছে কি না, তা বিবেচনায় আনার জন্য প্রতিবেদনে বলা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজস্ব জমির ওপর অবকাঠামো না থাকলে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া যাবে না।মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যাচাই প্রতিবেদনগুলো নিয়ে তাঁরা শিগগির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, যাচাই প্রতিবেদনগুলোর মধ্য থেকে খুব শিগগির কিছু যোগ্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হবে, যাতে এ বছরই শিক্ষার্থী ভর্তি করা যায়।ইউজিসি সূত্রমতে, যাচাই শেষ হওয়া নতুন ২২টি আবেদনের মধ্যে ঢাকায় (ধামরাইসহ) রয়েছে: নূর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, আবদুল মোমেন ইউনিভার্সিটি (ধামরাই), সোনারগাঁও ইউনিভার্সিটি, রূপায়ণ ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি।রাজশাহীর তিনটি হলো: লিবার্টি ইউনিভার্সিটি, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ও টাইমস ইউনিভার্সিটি। রংপুরে তিনটি হলো: রংপুর ইউনিভার্সিটি, রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিদ্দিক মেমোরিয়াল ইউনিভার্সিটি। খুলনার দুটি হলো: শ্রীশ্রী অনুকূলচন্দ্র স ৎ সঙ্গ সংস্কৃত ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং খুলনা আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়।বাকি আটটি হলো: কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জয়পুরহাট বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একই উপজেলায় ইউএস-বাংলা ইউনিভার্সিটি, বগুড়ায় নূরুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (নুয়েট), ফেনী ইউনিভার্সিটি ও চুয়াডাঙ্গায় ফার্স্ব ক্যাপিটাল ইউনিভার্সিটি।