কুরিয়ার সার্ভিসে পণ্য পাঠানোর সময় তা ভালোভাবে যাচাই-বাছাই না করার সুযোগ নিচ্ছেন মাদক ব্যবসায়ীরা। যাচাই-বাছাইয়ের দুর্বলতার কারণে যে কেউ অস্ত্র ও গোলাবারুদ আনা-নেওয়া করতে পারে। এমনকি জঙ্গিরাও এই সুযোগ নিতে পারে।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় র্যা ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
গত শনিবার রাতে নগরের ধনিয়ালাপাড়া এলাকায় এস এ পরিবহনের পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় ওই শাখার ব্যবস্থাপক এম এ মমিন ও সহকারী মো. শামসুদ্দিনকে আটক করা হয়। গতকালের সংবাদ সম্মেলনে আটক দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে র্যা বের অধিনায়ক বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারের চেষ্টা করছে মাদক বিক্রেতারা। এমনকি মাদক বিক্রির টাকার একটি অংশও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে। কুরিয়ার সার্ভিসের তল্লাশি দুর্বলতা এবং টাকা আদান-প্রদানের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের দুর্বল পদ্ধতির সুযোগ নিচ্ছে মাদক ব্যবসায়ীরা। তাঁদের ধরতে র্যা বের অভিযান অব্যাহত আছে।