>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

করোনার বিস্তার ঠেকাতে ১৮ থেকে ৩১ মার্চ ছুটি। অবশ্য ছুটিটা দরকার ছিল। ছুটি পেয়ে অনেক খুশি হলাম। অনেক আনন্দের অবসর। স্ত্রীর সঙ্গে সময় কাটানো। নতুন বিয়ে, কয়েক মাস হলো। বিয়ের মাত্র দুদিন পর থেকেই দুজন দুই জায়গায়। আমি কর্মস্থলে আর স্ত্রী পড়ালেখার জন্য ঢাকায়। ছুটি বাড়ল, মন্দ না। আরও কিছুদিন অবসর। কিন্তু ছুটি বাড়তেই থাকল। ছুটি যেন ফুরোয়ই না। এখন আকাঙ্ক্ষা, করোনা পরিস্থিতির উন্নতি হোক। তারপর ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় খোলা হোক।
এদিকে সময় অফুরন্ত। ব্যক্তিগত প্রকাশনার উদ্দেশ্যে গবেষণাপত্র প্রস্তুত করার কাজে হাত দিই। এর জন্য তথ্য–উপাত্ত সংগ্রহের কাজ শুরু হলো। কাজ করছি অন্য দুটি ইউনিভার্সিটির শিক্ষক দুই বন্ধুর সঙ্গে। বিশ্লেষিত তথ্য থেকে প্রাপ্ত ফলাফলের সুশৃঙ্খলভাবে ব্যাখ্যা ও বর্ণনা করার কাজ। অতঃপর একটি আন্তর্জাতিক জার্নালে সাবমিট করা হলো। এখন ওটা রিভিউতে আছে। নতুন আরেকটি গবেষণাপত্র প্রস্তুতের কাজেও হাত দিয়েছিলাম। ওটাও শেষের দিকে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক নির্দেশনা এল। ছাত্রছাত্রীদের চলমান কোর্সগুলোর অবশিষ্টাংশের পাঠ সহায়িকা প্রদান। পারলে অনলাইন ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা। গুগল ক্লাসরুমে ক্লাস ওপেন করেছি। পাঠ সহায়িকা প্রস্তুত করে সেখানে আপলোড করেছি। ছাত্রছাত্রীদের সংযুক্ত করেছি সেখানে। সময় অবশ্য কম লাগেনি। মোটামুটি সবকিছু শেষ করতে অনেক সময় লেগেছে। কিছু অনলাইন ক্লাস ও নিয়েছি।
পাশাপাশি আত্মোন্নয়নমূলক ও ইসলামি বই পড়েছি। এর মধ্যে রয়েছে ‘বাইতুল্লাহর মুসাফির’ নামে একটি সফরনামা। অত্যন্ত সুন্দর একটি ভ্রমণকাহিনি। সাহিত্যের প্রাণরস ও উপাদানে ভরপুর। আল্লাহর ঘর বাইতুল্লায় গিয়ে হজ করার স্বপ্ন দেখার শুরু হলো। করোনা এই সুযোগ সম্ভবত বিদেশি কাউকেই দিচ্ছে না। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন অচিরেই তাঁর ঘর জিয়ারত করা সহজ ও অবারিত করে দেন।
করোনা পরিস্থিতি ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনলাইন ক্লাস ও পরীক্ষা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। ইতিমধ্যে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে প্রয়োজনীয় সহায়তার (অনলাইন ক্লাস ও পরীক্ষার উপযোগী ডিভাইস ও ডেটা সরবরাহ) উদ্যোগ নেওয়াও গুরুত্বপূর্ণ। তা ছাড়া নেটওয়ার্ক সিগনাল স্ট্রেংথও নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। আর এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, তাহলে সহায়তাটা আসল প্রার্থীদের কাছে পৌঁছাবে।
এই পৃথিবী করোনাসহ সব জঞ্জালমুক্ত হোক। এই কামনায়।
*লেখক: প্রভাষক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়