কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২৩টি চোরাই পথ দিয়ে প্রতিদিন মিয়ানমারে ওষুধ পাচার হচ্ছে। অন্যদিকে মিয়ানমার থেকে আসছে ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, কারেন্ট জাল ও শুঁটকি। চোরাই পথে এসব পণ্য আনা-নেওয়া করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।বিশ্বস্ত সূত্র জানায়, একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন মিলে সীমান্ত উপজেলা টেকনাফ। এখানে ছয় শতাধিক ফার্মেসি রয়েছে। সীমান্ত এলাকার ফার্মেসিগুলো বাড়তি চাহিদা দেখিয়ে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকার ওষুধ আনছে। এসব ফার্মেসির মালিকেরাই মিয়ানমারে ওষুধ পাচার করছেন বলে অভিযোগ রয়েছে।গত ১৯ ফেব্রুয়ারি নাফ নদী অতিক্রমকালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা ছয় কার্টন বিদেশি মদ, ২০ কার্টন পিরিটন ওষুধ ও ২৫০ বক্স ওষুধসহ একটি মাছ ধরার নৌকা জব্দ করেন। ২৭ ফেব্রুয়ারি নিলা এলাকার বেড়িবাঁধে মজুদকালে বিডিআর সদস্যরা ১৮ কার্টন ও ২০০ বক্স ওষুধ জব্দ করেন। ৫ মার্চ বিডিআর ৭২ কেজি কারেন্ট জাল জব্দ করে। ৯ মার্চ মিয়ানমার থেকে পাচারকালে ২১ মণ শুঁটকি জব্দ করা হয়। ৫ এপ্রিল ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারীসহ পাঁচ লাখ টাকার ওষুধ আটক করেন বিডিআর সদস্যরা। ৭ এপ্রিল টেকনাফে কর্মরত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক প্রতিনিধি ও অপর এক ব্যবসায়ীকে কুমিল্লার দাউদকান্দি থেকে ৭০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। ১০ এপ্রিল টেকনাফ থানার পুলিশ মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৩০০ ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করে।নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের এক পাচারকারী জানান, উপজেলার অন্তত ২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব পণ্য পাচার হচ্ছে। পয়েন্টগুলো হলো নিলা, নাটমোরাপাড়া, চৌধুরীপাড়া, লেদা, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, মৌলভীবাজার, হোয়াইখ্যং, কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বা বিল, উলুবনিয়া, টেকনাফের কেরুনতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, জালিয়াপাড়া, বাজারপাড়া ও মিস্ত্রিপাড়া।অনুসন্ধানে জানা যায়, মিয়ানমার থেকে আসা মাদকদ্রব্য টেকনাফ, উখিয়া, রামু, কক্সবাজার, চকরিয়া, সাতকানিয়া, পটিয়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মিয়ানমারে ওষুধ রপ্তানি করে ৯৩ লাখ ৯ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।সে তুলনায় চলতি বছরের এ তিন মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র পাঁচ লাখ ৭৫ হাজার টাকা।টেকনাফ স্থলবন্দরের কাস্টসম সুপারিনটেনডেন্ট আনোয়ার মাসুম বলেন, কয়েক মাস ধরে স্থলবন্দর দিয়ে শুঁটকি ও ওষুধ আমদানি-রপ্তানি কমে গেছে। এতে প্রতি মাসে বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কষ্টকর হয়ে পড়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, চলতি মাসে পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে। টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, গত তিন মাসে তাঁরা বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য, ১৫ মণ কারেন্ট জাল ও ৩৭ মণ শুঁটকি জব্দ করেছেন।