যাচ্ছে ডিম, আসছে ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে লাখ লাখ ডিম পাচার হচ্ছে। আসছে নেশার নিষিদ্ধ বড়ি ইয়াবা।টেকনাফের বাজারে গত সোমবার প্রতি ডজন ডিম ১০৮ টাকায় বিক্রি হয়েছে। এদিকে মিয়ানমারের মংডু শহরে তা এক হাজার ৮০০ কিয়ট বা ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার সাবরাং ইউনিয়নের মাঝরপাড়ার জেলে নুরুল আমিন বলেন, ‘তিন দিন আগে শাহপরীর দ্বীপ বাজার থেকে প্রতিটি ডিম আট টাকায় কিনে খেয়েছি। আজ (রোববার) সকালে কিনতে হয়েছে নয় টাকায়। বিপুলসংখ্যক ডিম চোরাইপথে মিয়ানমারে পাচার হওয়ায় স্থানীয় বাজারে সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী দাম বাড়িয়ে ডিম বিক্রি করছেন।’ টেকনাফ বাসস্টেশনের সবজি ব্যবসায়ী আবদুল মালেক জানান, স্থানীয় চাহিদা মেটানোর জন্য প্রতিদিন কক্সবাজার, আমিরাবাদ, চকরিয়াসহ বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুরগির ডিম টেকনাফে আনা হয়। এর উল্লেখযোগ্য অংশ মিয়ানমারে পাচার হচ্ছে। মিয়ানমারে প্রতি ডজন ডিম এক হাজার ৮০০ কিয়টে বিক্রি হচ্ছে বলে শুনেছেন তিনি। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, আগে স্থলবন্দর দিয়ে মিয়ানমারে বিপুল পরিমাণ ডিম রপ্তানি হতো। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব পেত। কিন্তু চোরাইপথে ডিম পাচার হওয়ায় বন্দর দিয়ে রপ্তানি বন্ধ হয়ে গেছে। এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক (কাস্টমস সুপার) কাজী আবুল হোসাইন জানান, গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এই বন্দর দিয়ে মিয়ানমারে ডিম রপ্তানি করে সরকারের রাজস্ব আদায় হয় চার লাখ ৯৯ হাজার ৮৪০ টাকা। এর পর থেকে ডিম রপ্তানি বন্ধ হওয়ায় রাজস্ব আয়ও নেই। চোরাইপথে ডিম পাচার বন্ধ করা গেলে বন্দরের কার্যক্রম সচল থাকত। সরকারও রাজস্ব পেত। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শাহপরীর দ্বীপ, ঘোলাপাড়া, নয়াপাড়া, টেকনাফ, জালিয়াপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া, নাইট্যংপাড়া, বরইতলি, নিলা, জাদিমুরা, চৌধুরীপাড়া, হোয়াইক্যং, খারাংখালী, ঝিমংখালী, লম্বাবিল, উলুবনিয়াসহ ২১টির বেশি পয়েন্ট (স্থান) দিয়ে ডিম পাচার হচ্ছে। আবার এসব পথেই আসছে ইয়াবার চালান। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মিয়ানমারে পাচারের সময় গত এপ্রিলে তিন হাজার ২০৮টি ডিম জব্দ করা হয়। মার্চে এক হাজার ৫০০টি, ফেব্রুয়ারিতে এক হাজার ৯০টি ও জানুয়ারিতে এক হাজার ২৬০টি ডিম জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা হয় দেড় লাখের বেশি ইয়াবা বড়ি, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। টেকনাফ ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক মো. জাহিদ হাসান জানান, চোরাইপথে মিয়ানমারে পাচারের সময় প্রায় প্রতিদিন ডিম ধরা পড়ছে। আবার টেকনাফে আনার পথে পাচারকারীসহ বিপুল পরিমাণ ইয়াবা বড়িও ধরা পড়ছে। তার পরও চোরাচালান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।