যাজককে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে ৪
পাবনার ঈশ্বরদী উপজেলায় গির্জার যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ যুবকের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে পাবনার আমলি আদালত-২ এর জ্যেষ্ঠ বিচারক রেজাউল করিম এই রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৫), আব্দুল আলিম (৩৬), শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও আমজাদ হোসেন (৩০)। তবে গ্রেপ্তার হওয়া আরেক আসামি রাকিবুল হাসান ওরফে রাব্বি (২২) গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় পুলিশ তাঁর জন্য রিমান্ডের আবেদন করেনি।
গ্রেপ্তার পাঁচজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে মধ্যে আমজাদের বাড়ি সিরাজগঞ্জে। আর বাকি চারজনের বাড়ি পাবনা সদর উপজেলায়। তিন দিনে ঢাকা ও রাজশাহী থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
৫ অক্টোবর বাড়িতে ঢুকে লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করেন মোটরসাইকেলে আসা তিন যুবক। স্ত্রী ও প্রতিবেশীদের চেঁচামেচির কারণে তাঁরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পুলিশ মোটরসাইকেল জব্দ করে। লুক সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। পরে ঈশ্বরদী উপজেলা এলাকা থেকে ওবায়দুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওবায়দুল এখন কারাগারে।
আরও পড়ুন :