যাতায়াত সুবিধা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াত (ইমিগ্রেশন) কার্যক্রম গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। এই বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দর।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং গতকাল বিকেল সাড়ে চারটার দিকে যৌথভাবে স্থলবন্দরে যাতায়াত কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাবান্ধা স্থলবন্দর চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিংয়ের নেতৃত্বে ভারতের একটি প্রতিনিধিদল সড়কপথে বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশে প্রবশে করে। তাঁদের স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাবান্ধা বন্দর দিয়ে মানুষের যাতায়াত চালু হওয়ার ফলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তনসহ পর্যটনের ক্ষেত্রে অভাবনীয় বিকাশ ঘটবে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার বলেন, এই বন্দর চালুর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলো। মৈত্রী, বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে দুই দেশই লাভবান হবে।