যাতায়াত নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। খবর বাসসের।

পরিবহন মালিক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বর্ষাকালে রাস্তা সংস্কার করা অত্যন্ত কঠিন কাজ। বৃষ্টি হলেই সংস্কারকাজে বিঘ্ন ঘটে। আগামী বছর সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে কোনো সমস্যা থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এলাকার ট্রাফিক-ব্যবস্থা পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এ সময় পরিবহন মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে দেশের সার্বিক যাতায়াত-ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

ওবায়দুল কাদের রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না চালানোর জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান। ঈদ পর্যন্ত রাস্তায় কোনো ভারী যানবাহন না চালানোর জন্যও তিনি পরামর্শ দেন। তাহলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সড়ক ও মহাসড়কে কোথাও কোনো যানজট নেই। তিনি বলেন, ‘ঈদের আগে যেভাবে কাজ করেছি, সারা বছর সেভাবে কাজ করতে চাই।’
অতিরিক্ত ভাড়া ও যানজট প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের মোবাইল টিম ও মনিটরিং টিম যৌথভাবে এ ব্যাপারে মনিটর করছে। অতিরিক্ত ভাড়া বিষয়ে কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া অকারণে কোথাও কেউ যানজট সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, আজ থেকে ঈদের দুই দিন পর্যন্ত সড়ক ও মহাসড়কে সিমেন্ট, রড, কাঠ, পাথর ও বালুসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।