যাতায়াত শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময় চূড়ান্ত হলো গতকাল শুক্রবার মধ্যরাতে। ছিটমহলের বাসিন্দারা যিনি যে দেশে যেতে চান, সেই যাতায়াত শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল দেওয়া এক বিবৃতিতে, ছিটমহল বিনিময়ের দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ উল্লেখ করে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই ছিটমহলগুলোর বাসিন্দারা যে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, এই দিন থেকেই তাঁরা সবাই পূর্ণ নাগরিকের মর্যাদা পাবেন। সেই সঙ্গে ছিটমহলগুলোর বাসিন্দারা শিক্ষা, স্বাস্থ্যসহ যাবতীয় নাগরিক পরিষেবা পাওয়ার যোগ্য হবেন। আর ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি ও ২০১১ সালের প্রটোকলের অন্য বিষয়গুলো দুই দেশের সরকারের মধ্যে স্বীকৃত পদ্ধতি অনুযায়ী রূপায়িত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ছিটমহল বাসিন্দাদের যাঁরা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই দেশে চলে যেতে চান, সবকিছু যাচাইয়ের পর ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের যাতায়াত শেষ করতে হবে। নির্ঝঞ্ঝাটে যাতে এই আসা-যাওয়া সম্পন্ন হয়, দুই দেশের সরকার হাতে হাত মিলিয়ে তা নিশ্চিত করবে।
এদিকে ছিটমহল বিনিময়ের দিনটিতে ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল গতকাল ছিল উৎসবমুখর। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, উৎসবের অংশ হিসেবে ছিটমহলের বাড়িতে বাড়িতে সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়। রাত ১২টায় ছিটমহলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময়টিতে শুরু হয় মূল বিজয় উৎসব। ঢাকঢোল পিটিয়ে, বাজি ফুটিয়ে, শঙ্খ বাজিয়ে, মশাল মিছিল করে, ভারতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে মেতে উঠে ছিটমহলবাসী। মধ্য মশালডাঙ্গা ছিটমহলে দেখানো হয় ছিটমহলবাসীর ওপর নির্মিত একটি তথ্যচিত্রও।