
দূর থেকে দেখলে মনে হবে, এ বুঝি কোনো অজপাড়াগাঁ। বাঁশের সাঁকো দিয়ে পারাপারের দৃশ্যে যে কারও এ ভ্রম হওয়াই স্বাভাবিক। তবে এটা কোনো পাড়াগাঁ নয়, এটি খোদ সিলেট নগরের দুটি এলাকার প্রতিদিনকার দৃশ্য। তাঁদের যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো।
দীর্ঘদিন ধরে কালভার্টের অভাবে নগরের সোনারপাড়া, কাজিরবাজার, যতরপুর ও রায়নগর এলাকার কয়েক হাজার মানুষ বাঁশের সাঁকো দিয়ে ছড়া (প্রাকৃতিক খালবিশেষ) পারাপার হচ্ছে। তবে এসব বাঁশের সাঁকো দিয়ে রিকশা, মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চলাচল না করতে পারায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের কাজিরবাজার এলাকা দিয়ে মুগনি ছড়া প্রবাহিত। ছড়াটি ঠিক শেষ অংশে সুরমা নদীর তীরবর্তী পূর্ব-পশ্চিম অংশকে পৃথক করে রেখেছে। পশ্চিম অংশে কয়েকটি বস্তি এলাকা এবং পূর্ব অংশে নগরের বৃহত্তম পশুর হাট অবস্থিত। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই দুই অংশে সংযোগ স্থাপনকারী কোনো কালভার্ট নির্মিত না হওয়ায় স্থানীয় লোকজন চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন।
নগরের যতরপুর এলাকাকে দুটি অংশে বিভক্ত করে রেখেছে গোয়ালি ছড়া। যতরপুর এলাকার উত্তর ও দক্ষিণ—এই দুই অংশে সংযোগ স্থাপন করতে বাঁশ ও লোহার পাত দিয়ে একটি সাঁকো তৈরি করেছেন এলাকাবাসী। নগরের রায়নগর এলাকায় গোয়ালি ছড়ার ওপর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলেও কোনো কালভার্ট না থাকায় স্থানীয় লাকজন বাঁশের সাঁকো নির্মাণ করে চলাফেরা করছেন। তবে ওই ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে একটি কালভার্ট স্থাপনের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে।
একইভাবে নগরের সোনারপাড়া এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে গোয়ালি ছড়া। সোনারপাড়া নবারুণ আবাসিক এলাকার উত্তর ও দক্ষিণ অংশের মধ্য দিয়ে ছড়াটি প্রবাহিত থাকায় মহল্লাটি পুরোপুরি বিভক্ত হয়ে রয়েছে। অথচ প্রতিদিনই অফিসগামী মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় মানুষকে ছড়াটি পারাপার হতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ এখানে কোনো কালভার্ট নির্মাণের উদ্যোগ নিচ্ছে না। তাই এলাকাবাসী চাঁদা তুলে প্রতিবছরই এই বাঁশের সাঁকো নির্মাণ করেন।
সোনারপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মলয় কান্তি সরকার বলেন, ‘ছড়াটি প্রবাহিত হওয়ার কারণে মহল্লাটি বিভক্ত হয়ে পড়েছে। এতে পারাপারের সুবিধার্থে বিকল্প হিসেবে বাঁশের সাঁকো ব্যবহার করছেন লোকজন। তবে দুই অংশেই যাতায়াত করতে পাকা সড়ক রয়েছে, কেবল একটু ঘুরে যেতে হয়।’
সিটি করপোরেশন এখানে স্থায়ীভাবে একটি কালভার্ট নির্মাণ করে দিলে এলাকাবাসীর ভোগান্তি চিরতরে শেষ হতো বলে তিনি মন্তব্য করেন। যতরপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আলী রব বলেন, ‘সহজভাবে পথ চলাচল করতে ছড়ায় একটি কালভার্ট স্থাপন জরুরি।’
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘যে অংশ দিয়ে স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন, সেগুলো বিকল্প পথ। এর বাইরে চলাচলের জন্য সিটি করপোরেশনের রাস্তা রয়েছে। এর পরও কালভার্ট নির্মাণ করে ছড়ার দুই অংশে সংযোগ স্থাপন করা যায় কি না, সেটা সিটি কর্তৃপক্ষ বিবেচনায় নেবে।’