যাত্রা ও মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাঁচটি স্থানে কৃষি, আনন্দমেলা ও যাত্রার নামে ২০ দিন ধরে জুয়া ও অশ্লীল নাচ-গান চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এইচএসসি পরীক্ষা সামনে রেখে এসব চলায় এলাকার অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ ব্যাপারে নির্বিকার।জানা গেছে, বরগুনার আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন এলাকায় কৃষি ও আনন্দমেলা শুরু হয় ৪ মার্চ। জেলা প্রশাসন থেকে ১৫ দিনের অনুমতি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমানের নেতৃত্বে এ মেলা শুরু হয়। আর এর পৃষ্ঠপোষকতায় আছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। মেলায় কৃষিজ পণ্যের কোনো স্টল নেই। এমনকি আনন্দমেলায় চিরায়ত গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা নেই। স্থানীয় বেশ কয়েকজন লোক অভিযোগ করেন, মেলায় অশ্লীল নৃত্য এবং ১০-১২ ধরনের জুয়ার আসর চলে সারা রাত।আয়োজক মতিয়ার রহমান গত বুধবার বলেন, ‘আমাদের অগোচরে কিছু জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড হয়েছে। এখন আর এসব হবে না বলে প্রশাসনের কাছে আমরা অঙ্গীকার করেছি।’একইভাবে বেতাগী উপজেলার বাসণ্ডাপুলের হাটে যাত্রার নামে রাতভর অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার পৃষ্ঠপোষকতায় গত শনিবার থেকে তাঁর বাড়ির পাশেই চলছে এ জুয়া ও যাত্রা। ‘আমরা কজন’-এর ব্যানারে এ যাত্রার আয়োজন করা হয়েছে।বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়ার নলটোনায় যাত্রার অনুমতি নেওয়া হলেও সেখানে ১৮ মার্চ থেকে জুয়া খেলা চলছে। গত সোমবার রাতে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট জুয়ার আসর থেকে আয়োজক কমিটির এক ব্যক্তিকে আটক করে বরগুনা থানায় সোপর্দ করেন।তালতলী থানার লাউপাড়া গ্রামে ১৮ মার্চ থেকে একইভাবে যাত্রার নামে চলছে জুয়ার জমজমাট আসর। বরগুনা শহরের সোনিয়া সিনেমা হলে যাত্রার অনুমতি নিয়ে সেখানে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা চালানোর অভিযোগ রয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ হবে না—এমন শর্তে এসব যাত্রা ও আনন্দমেলার অনুমতি দেওয়া হলেও তা উপেক্ষা করে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় আয়োজকেরা রাতভর জুয়া ও যাত্রানুষ্ঠানের নামে কুরুচিপূর্ণ অনুষ্ঠান চালাচ্ছেন।নাম প্রকাশ না করার শর্তে আমতলী পৌর এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, আনন্দমেলার প্রবেশদ্বারে প্রকাশ্যে চোলাই মদ বিক্রি করা হয়। সেখানে আগত লোকেরা লাইন ধরে মদ পান করে যাত্রা, হাউজি এবং বিভিন্ন জুয়ার আসরে প্রবেশ করে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘যাত্রাশিল্পের প্রসারের জন্য এবং মানুষের বিনোদনের সুবিধার্থে আমরা এসব যাত্রা ও হাউজি খেলার পক্ষে ছিলাম। কিন্তু সেখানে অসামাজিক কিছু হলে তাতে আমাদের কোনো সমর্থন নেই। এসব বিষয়ে অবশ্যই খোঁজ নিয়ে দেখব।’জেলা প্রশাসক স্বপন কুমার সরকার বলেন, ‘আমার কাছেও এসব অভিযোগ এসেছে। আমি এগুলো বন্ধ করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু এলাকায় এর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি।’