যাত্রা ও সার্কাস বন্ধের দাবিতে বিক্ষোভ
এসএসসি ও দাখিল পরীক্ষার আগে যাত্রা ও সার্কাস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচিতে অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে পথসভা হয়। পথসভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, আবু বক্কর সিদ্দিক, মশিউর রহমান মৃধা, সানজিদ মিয়া, আবুল কালাম পোদ্দার, হাসান আল মামুন ও রাহাত জমাদ্দার। পথসভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। আগামী ২ জানুয়ারি থেকে ভাণ্ডারিয়া বিহারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে মাসব্যাপী যাত্রা ও সার্কাস শুরু হওয়ার কথা। ইউএনও কাজী মাহাবুবুর রশিদ জানান, যাত্রা ও সার্কাস বন্ধের দাবির বিষয়ে একটি স্মারকলিপি আমি পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে যাত্রা ও সার্কাসের অনুমোদন আনা হয়েছে। যাত্রা, সার্কাস আমাদের সংস্কৃতির একটি অংশ। এটি শুরু হলে কোনো রকম অশ্লীলতা হবে না।