যাত্রা-জুয়া বন্ধের দাবিতে থানার সামনে প্রতিবাদ
আবেদন-নিবেদন, সভা-সমাবেশের পরও বগুড়ার শিবগঞ্জে বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার রমরমা আসর বন্ধ না করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। অবিলম্বে এসব সমাজবিরোধী কার্যকলাপ বন্ধের দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় থানার সামনে এক প্রতিবাদ সমাবেশ করে তারা। এলাকার ছাত্র-শিক্ষক-অভিভাবকেরা ওই সমাবেশের আয়োজন করে। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবর রহমান, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান, ছাত্রলীগ উপজেলা কমিটির আহ্বায়ক হারুন-উর-রশীদ, অভিভাবক দুদু মিয়া, আব্দুল মান্নান প্রমুখ।বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের নামকে কলঙ্কিত করে একটি চক্র এসএসসি ও দাখিল পরীক্ষার আগে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও বিভিন্ন রকম জুয়ার আসর বসিয়েছে। এতে এলাকার প্রায় দুই হাজার ছাত্রছাত্রী বিড়ম্বনায় পড়েছে। প্রশাসন এসব বন্ধ করার আশ্বাস দিয়েও তা বন্ধ করছে না।শিবগঞ্জ থানার ওসি আবু মোকাদ্দেম আলী বলেন, ‘যাত্রা-জুয়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে আকস্মিকভাবে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখনই ব্যবস্থা নিচ্ছি।’