যাত্রা দেখতে গিয়ে ফিরছেন ১২ বছর পর!
কলকাতায় বিচ্ছিন্নতাবাদী সন্দেহে আটক এক বাংলাদেশি টানা প্রায় ১২ বছর কারাভোগের পর গত শনিবার মুক্তি পেয়েছেন। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অতিরিক্ত দায়রা জজ সঞ্চরজিৎ মজুমদার ওই কিশোরকে বেকসুর খালাস দেন। ওই বাংলাদেশির নাম আসিফ ইকবাল মিলটন।আসিফের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সঙ্গে জড়িত সন্দেহে মিলটনকে গ্রেপ্তার করা হয়েছিল। কেএলওর এক কট্টর সদস্যের নাম ছিল মিলটন। সেই সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের মিলটনকে। প্রথমে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় মিল্টনের কারাদণ্ডও হয়। ২০০০ সালের ১১ ডিসেম্বর অবৈধভাবে ভূরুঙ্গামারী থেকে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে যাত্রা দেখতে এসেছিলেন কলেজছাত্র মিলটন। ওই সময় পুলিশের কাছে খবর যায়, কেএলওর সদস্যরা ওই এলাকায় যাত্রা দেখতে এসেছে। এর পরই পুলিশ যাত্রা প্যান্ডেলের এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে মিলটনকে গ্রেপ্তার করে। পরে ২০০১ সালের ১২ ফেব্রুয়ারি নিম্ন আদালত মিলটনকে দোষী সাব্যস্ত করে ৬১ দিনের কারাদণ্ড এবং ৩০০ রুপি জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কারাভোগের সময় ভারতের পুলিশ মিলটনকে খুনসহ আরও কয়েকটি মামলায় জড়িয়ে দেয়। ফলে মিলটন আর কারাগার থেকে বের হওয়ার সুযোগ পাননি। গত বছর মিলটনের বিনা দোষে কারাবাসের খবর প্রকাশিত হলে মিলটনের আইনজীবী মিলটনকে মুক্ত করার উদ্যোগ নেন। ২০১১ সালের আগস্টে মিলটনের একটি আবেদন পৌঁছে দেওয়া হয় কারা কর্তৃপক্ষের কাছে।