যাত্রা শুরু করল ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি-ভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। গত সপ্তাহে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় এফভিসির জেনারেল পার্টনার ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান, পার্টনার আবুল নুরুজ্জামান, আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদসহ বিভিন্ন ব্যাংক, বিমার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগের জন্য বাংলাদেশ কেন এমন প্রশ্নের জবাবে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সরকারি-বেসরকারি নানা উদ্যোগে আইটি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এ ক্ষেত্রে দারুণভাবে অগ্রসর হচ্ছে। আমরা এই সুযোগটিকে কাজে লাগাতে চাই।’