যাত্রা শুরু করল সিলেটে ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ইউনাইটেড এয়ারওয়েজের আন্তর্জাতিকমানের ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউট টিএসি এভিয়েশন যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার সিলেটের একটি রেস্তোরার হলরুমে ইউনাইটেডের উদ্যোগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের উপস্থিত ছিলেন।সিলেটে প্রথম বেসরকারি পর্যায়ে ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, টিএসি এভিয়েশনের আত্মপ্রকাশের ফলে বিদেশ থেকে পাইলট প্রশিক্ষণপ্রবণতা হ্রাস পাবে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। চলতি বছরের মে মাস থেকে ফ্লাইং একাডেমির কার্যক্রম শুরু করে এ বছরের শেষ দিকে কমিউটার এয়ারলাইনস কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড এয়ারলাইনসের চেয়ারম্যান ও টিএসির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমদ চৌধুরী বলেন, ‘কয়েক বছর ধরে বাংলাদেশি এয়ারলাইনসগুলোতে পর্যাপ্ত কমার্শিয়াল পাইলট না থাকায় এগুলো পরিচালনা সংকটে আছে। এ থেকে উত্তরণের উদ্দেশ্যেই টিএসি এভিয়েশনের আত্মপ্রকাশ ঘটল।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষ ও সক্ষম মানুষকে আগামীর প্রয়োজন মেটানোর জন্য টিএসি গড়ে তুলবে। উন্নয়নে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকারি-বেসরকারি উদ্যোগে উন্নয়নে অংশীদার হতে হবে।’বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগের ফলে বাংলাদেশের পাইলটরা শুধু দেশের বিমান নয়, বিশ্বের সব বিমান তাঁরা চালাবেন।’বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘ইচ্ছে থাকলে যে বেসরকারি পর্যায়ে উন্নয়ন করা যায়, তার প্রমাণ হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। দুই থেকে তিনটি বিমান দিয়ে শুরু করে এখন তাদের নয়টি বিমান রয়েছে।’উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হাসান, ইউনাইটেডের পরিচালক সাঈদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে নগরের মজুমদারি এলাকায় ইউনাইটেডের সিলেট আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়। ইনস্টিটিউটে এয়ারলাইনস পাইলট, অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার, ফ্লাইট ক্যাটারিং, গ্রাউন্ড হ্যান্ডলিং এক্সকিউটিভ, কেবিন ক্রুর প্রশিক্ষণ দেওয়া হবে।