জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ‘দোলযাত্রা’ মেলাকে ঘিরে তিন উপজেলার শতাধিক গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে মেলায় গরু-ছাগল, ঘোড়া-মহিষ আসতে শুরু করেছে। ১০০ একর জায়গাজুড়ে অস্থায়ী দোকানপাট নির্মাণসহ মেলার আয়োজন চলছে। কয়েক শ বছরের পুরোনো এই মেলার ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আয়োজকেরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।মেলার আইনশৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে চেকপোস্ট থাকছে। আজ শনিবার থেকে শুরু হয়ে মেলা ২০ দিনব্যাপী চলবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। তবে মেলায় এবার চিত্তবিনোদনের নামে যাত্রা-সার্কাসে নগ্ন নৃত্য পরিবেশনের আশঙ্কা করছেন এলাকাবাসী। এবার ৩০টি পুতুলনাচ ও সাতটি যাত্রা-সার্কাস থাকছে। গত বছর ছিল একটি যাত্রা, দুটি সার্কাস ও ২৭টি পুতুলনাচ।জানা গেছে, প্রতিবছরই মেলা উপলক্ষে আশপাশের শতাধিক গ্রামের লোকজন তাদের জামাতা, আত্মীয়স্বজনকে আগাম দাওয়াত করে। দোলযাত্রার দিন থেকেই দাওয়াতি লোকজন আসতে শুরু করে। মেলায় গরু-ছাগল-ঘোড়া, আসবাবপত্র কেনার জন্য সারা বছর ধরে এসব গ্রামের লোকজন অপেক্ষা করে। মেলা শেষে গ্রামগুলোয় মেয়ে-জামাই বিদায়ের ধুম পড়ে যায়।হরিপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলী জানান, গত এক বছরে গ্রামে যেসব মেয়ের বিয়ে হয়েছে। অভিভাবকেরা অধিকাংশ বিয়েরই আনুষ্ঠানিকতা শেষ করেননি। মেলায় আসবাব কেনার পরই তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুল আলম প্রথম আলোকে জানান, পুলিশের পাশাপাশি মেলা কমিটির শতাধিক স্বেচ্ছাসেবী মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী জানান, মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। চিত্তবিনোদনের নামে কোনো অশ্লীলতা করতে দেওয়া হবে না।