যাত্রাপথের বিড়ম্বনা কমেনি
ঘরমুখী মানুষের ভিড় কমতে শুরু করলেও কমেনি যাত্রাপথের বিড়ম্বনা। তবু ঈদ সামনে রেখে কর্মব্যস্ত নগরবাসী ছুটে চলেছে গ্রামের বাড়ির পথে, ক্লান্তিকর জীবন পেছনে ফেলে কিছুদিনের জন্য প্রিয়জনের সান্নিধ্যে কাটাতে।
গতকাল শনিবার রেলস্টেশন ও বাস টার্মিনালে ভিড় একটু কম ছিল। তবে বাস, ট্রেন, লঞ্চ—কোনোটিই নির্ধারিত সময়ে না ছাড়ায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। দিনাজপুরগামী অগ্নিবীণা সকাল নয়টা ৪০ মিনিটের পরিবর্তে ছেড়েছে সকাল সাড়ে ১০টায়। দুপুর সাড়ে ১২টার মহানগর পারাবত ছেড়েছে বেলা সোয়া একটায়। এ ছাড়া মহানগর প্রভাতী আধা ঘণ্টা, রংপুর এক্সপ্রেস ৪০ মিনিট, একতা এক্সপ্রেস আধা ঘণ্টা ও বলাকা এক্সপ্রেস ৩২ মিনিট দেরিতে ছেড়েছে।
ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে আগেই। তবে যাত্রীদের অনেককেই গতকালও স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন টিকিট) কেটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। মহানগর পারাবতের যাত্রী হেবজুল বারী বলেন, ঈদ ও পূজার কারণে ছেলেমেয়েদের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় কয়েক দিন আগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তিনি নিজে কবে যেতে পারবেন, তা আগে ঠিক করতে না পারায় আগাম টিকিট করেননি। তাই এখন স্ট্যান্ডিং টিকিটেই বাড়িতে যেতে হচ্ছে।
ট্রেনের তুলনায় বাসে ভিড় অনেক কম। গাবতলী, কল্যাণপুর, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমনটাই দেখা গেছে। তবে বাস ছাড়ার সময়সূচি বিপর্যয়ের চিত্রটা ট্রেনের চেয়ে গুরুতর। গাবতলী বালুঘাট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব টার্মিনালে গতকাল বিকেল চারটায় কথা হয় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাত্রা করা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা দোয়েল খানের সঙ্গে। দোয়েল জানান, তাঁর বাস ছাড়ার কথা ছিল বেলা দুইটায়। কিন্তু দুই ঘণ্টা পরও জানতে পারছেন না, কখন যাত্রা শুরু করতে পারবেন।
এ বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে। তাই ছাড়তেও দেরি হচ্ছে। তাঁদের সব বাসই নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে বলে জানালেন তিনি।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বন্দর ছেড়ে যাওয়া বেশির ভাগ লঞ্চের ছাদেও যাত্রী ছিল। ভোলাগামী টিপু-৪ লঞ্চের যাত্রী ইমরান হোসেন বলেন, লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ডেকে জায়গা নেওয়ার জন্য বেলা দুইটায় মিরপুর থেকে এসেছেন।
এদিকে গতকাল বিকেলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার তাঁর সঙ্গে ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জানান, গত শুক্রবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুরকা বেলতলা বাজারের কাছে ঢাকাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু মারা যায়। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর অবরোধের ফলে সৃষ্ট যানজট গতকাল দুপুরের পর একটু কমে এসেছে।