যাত্রাপালায় সংঘর্ষে আহত স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ি মোহনপুর বিদ্যালয়ের মাঠে যাত্রাপালায় বসার জায়গা নিয়ে সংঘর্ষে আহত স্কুলছাত্র আবু সাঈদ গত সোমবার রাতে মারা গেছে। এদিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের ওয়াপদা মাঠে আনন্দমেলার নামে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। এখানে মেলার সময়ও বাড়ানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে লাহিড়ি মোহনপুর বিদ্যালয়ের মাঠে যাত্রা দেখার সময় বসার জায়গা নিয়ে বাল্লোপাড়া এবং কয়রা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবু সাঈদ (১৫) গুরুতর আহত হয়। গত সোমবার রাতে সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আবু সাঈদের মামা আবদুল লতিফ গতকাল উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১ মার্চ থেকে উল্লাপাড়ার ওয়াপদা মাঠ, লাহিড়ি মোহনপুর বিদ্যালয়ের মাঠ ও ধামাইকান্দি বাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছত্রচ্ছায়ায় আনন্দমেলা শুরু হয়। এর মধ্যে মোহনপুর বিদ্যালয় ও ধামাইকান্দি বাজারের মেলা শেষ করা হলেও ওয়াপদা মাঠের মেলার সময় বাড়ানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আনন্দমেলার নামে এসব জায়গায় জুয়া, লটারি, হাউজি খেলা ও অশ্লীল নৃত্য চলছে। এ কারণে এলাকায় চুরি বেড়ে গেছে। বিশেষ করে কিশোর ও তরুণেরা বিপথগামী হচ্ছে।