যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত কাপড় ব্যবসায়ী কামাল হোসেনের স্বজনদের আহাজারি। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তোলা ছবি l প্রথম আলো
সড়ক দুর্ঘটনায় নিহত কাপড় ব্যবসায়ী কামাল হোসেনের স্বজনদের আহাজারি। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তোলা ছবি l প্রথম আলো

রাজধানীতে পৃথক তিনটি দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পিষে মেরেছে রিকশা ভ্যানের তিন যাত্রীকে।
নিহত ব্যক্তিরা হলেন কলেজছাত্র তারিকুর রহমান (১৮), কাপড় ব্যবসায়ী কামাল হোসেন (৩৫) ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জাহাঙ্গীর আলম (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কুতুবখালী ফাতেমা নাজ পেট্রলপাম্পের সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী আরেকটি ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন ভ্যানের যাত্রী তারিকুর রহমান, কামাল হোসেন ও জাহাঙ্গীর আলম। সারা শরীর থেঁতলানো অবস্থায় তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক কাপড় ব্যবসায়ী কামাল হোসেন ও কলেজছাত্র তারিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর হাসপাতালে মারা যান জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শী মামুনুর রহমান বলেন, শনির আখড়া থেকে তিন ব্যক্তি ভ্যানে করে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিন যাত্রীই ছিটকে পড়েন। এরপর কাভার্ড ভ্যানটি তাঁদের ওপর দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ রক্তাক্ত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বলেন, শনির আখড়া থেকে ভ্যানে চড়ে তিন ব্যক্তি যাত্রাবাড়ী আসার পথে দুর্ঘটনার শিকার হন। চালক সাইফুল ইসলামসহ কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে।
তারিকুরের পরিবারের এক সদস্য জানান, তারিকুর শনির আখড়ায় চাচার বাসায় থাকতেন। তিনি নোয়াখালীর একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাত্রাবাড়ীর ইউসিসি কোচিং সেন্টারে অধ্যয়ন করছিলেন। গতকাল কোচিংয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। বাবার নাম ফজলুর রহমান।
হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিলাপ করছিলেন নিহত কামালের স্ত্রী শিল্পী আক্তার ও তাঁর মা নুরী বেগম। শিল্পী আক্তার বলেন, সকালে বাসা থেকে তাঁর স্বামী ব্যবসায়িক কাজে যাত্রাবাড়ীর উদ্দেশে বের হন। কামাল হোসেন সপরিবারে শনির আখড়ায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। বাবার নাম মান্নান কাজী।
দুর্ঘটনায় আরও দুজন নিহত: গতকাল সকাল নয়টার দিকে মুগদা স্টেডিয়ামসংলগ্ন রাস্তায় যাত্রী ডাকার সময় হিউম্যান হলারকর্মী হাবিবুর রহমানকে (১৫) পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়।
হাবিবুর রহমান মুগদা থানার মান্ডা এলাকায় থাকত। তার মা মালা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় হাবিব তার খালাতো ভাইয়ের সঙ্গে মতিঝিল-মুগদা রুটে চলাচলকারী হিউম্যান হলারের সহকারী হিসেবে কাজ করত।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেটে চলন্ত ট্রেনের ধাক্কায় মোহাম্মদ মানিক (৬০) নামে এক ব্যক্তি মারা যান।