যাত্রাবাড়ীতে ড্রামে যুবকের লাশ
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা একটি প্লাস্টিকের ড্রাম থেকে আজ রোববার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর ওই যুবককে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস শরীফ প্রথম আলো ডটকমকে জানান, রাস্তার ওপর ড্রামটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ঢাকনা খুলে যুবকের লাশ দেখতে পায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে অন্তত দুই-তিন দিন আগে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপকমিশনার ইলিয়াস শরীফ আরও জানান, যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।