যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে কিশোরকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী
যাত্রাবাড়ী

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে বখতিয়ার মো. লতিফ (১৬) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তর যাত্রাবাড়ীর ৯৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। বখতিয়ারের বাবার নাম জাহিদ আল লতিফ।

বখতিয়ারের ফুপু বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী জানান, কিছুদিন আগে ও-লেভেল পাস করেছে বখতিয়ার।

হত্যাকাণ্ডের কারণ বুঝতে পারছেন না জানিয়ে শারমিন রিনভী প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাসায় ঢুকে প্রথমে কাজের মেয়েকে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। সে সময় আমার ভাই ঘুমিয়ে ছিলেন। বখতিয়ার তখন তার মায়ের কাছে বসে খাবার খাচ্ছিল। দুর্বৃত্তরা কোনো কথা না বলে বখতিয়ারকে গুলি করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওই বাসায় ঢুকে এ ঘটনা ঘটায়। বখতিয়ারকে গুলি করার পর ঘরের আলমারী তছনছ করে তারা। তবে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়নি দৃর্বৃত্তরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বখতিয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।