যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক যান চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের সংস্কারকাজ চলছে ধীরগতিতে৷ ঈদের আগে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷ ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের সংস্কারকাজ চলছে ধীরগতিতে৷ ঈদের আগে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷ ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

খানাখন্দে ভরা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কটি আড়াই বছরেও সংস্কার করেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন আবার সড়কের অর্ধেক খুঁড়ে পয়োনিষ্কাশন লাইন নির্মাণ করা হচ্ছে। এর ফলে এই পথে আসন্ন ঈদের যাত্রীদের চলাচলে ভোগান্তি বাড়বে আরও কয়েক গুণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে সয়লাব হয়ে যায়। অনেক সময় ফুটপাতও ডুবে যায়। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে আবার সড়কের একপাশ কেটে পয়োনিষ্কাশনের নর্দমা তৈরি করা হচ্ছে । অথচ এটি চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চল থেকে ঢাকা শহরে ঢোকার অন্যতম প্রধান প্রবেশপথ। এলাকাটি ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে এই সড়কটি সংস্কারে প্রায় চার মাস আগে দরপত্র চূড়ান্ত করেছে ডিএসসিসি। কিন্তু এখনো ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। তিনি বলেন, ‘সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত এলাকার জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হচ্ছে। কোন ঠিকাদার কাজ পেয়েছে, তা ডিএসসিসি আমাকে জানায়নি। পয়োনিষ্কাশন লাইন নির্মাণের পর সড়কটি সংস্কার করা হবে কি না, তা-ও জানি না। ঈদের সময় এই সড়কে ভয়াবহ যানজট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দয়াগঞ্জ বাজার পর্যন্ত শহীদ ফারুক সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির দক্ষিণ অংশের অর্ধেক খুঁড়ে রাখা। কয়েকটি স্থানে পয়োনিষ্কাশন লাইন নির্মাণের সরঞ্জাম ও ইট-পাথর ছড়িয়ে আছে। সড়কের বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। পুরো সড়ক কাদাপানিতে ডুবে আছে। কিন্তু কোনো নির্মাণশ্রমিককে কাজ করতে দেখা যায়নি। গর্তে পড়ার আশঙ্কায় ধীরগতিতে চলছে যানবাহন। কয়েকটি জায়গায় আসন থেকে নেমে রিকশা ও ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন চালকেরা। কোনো যানবাহন একটু দ্রুতগতিতে চললেই কাদা ছিটে পড়ছে পথচারীদের ওপর। সড়কের দুই পাশে ফুটপাতেও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। তা মাড়িয়েই চলাচল করছে পথচারীরা।
যাত্রাবাড়ীর মীর হাজিরবাগের বাসিন্দা মুক্তার হোসেন বলেন, এমনিতেই এই সড়কে চলাচল করা যায় না, তার ওপর সড়কটির অর্ধেক খুঁড়ে রাখা হয়েছে। কাজ চলছে অনেক ধীরগতিতে। আগের চেয়ে এখন এই সড়কে রিকশা ও ভ্যান উল্টে দুর্ঘটনার হার বাড়ছে। আর শুষ্ক মৌসুমে বাতাসে ভরে যায় ধুলায়। এতে আশপাশের বাসাবাড়ির দরজা-জানালা সব সময়ই বন্ধ রাখতে হয়।
শহীদ ফারুক সড়ক দিয়ে যাত্রাবাড়ী থেকে সদরঘাট ও বাবুবাজার চলাচল করে বাহাদুর শাহ পরিবহন। এই পরিবহনের চালক মো. সুমন বলেন, আন্তজেলার যানবাহনের পাশাপাশি এই সড়কে যাত্রাবাড়ী থেকে ঢাকার ভেতরে প্রায় ২০টি কোম্পানির বাস চলাচল করে। তাই সারা দিনই এই সড়ক ব্যস্ত থাকে। কিন্তু সড়কে গর্তের কারণে চলাচলে কষ্ট হয়, গাড়ি চলে হেলেদুলে। এ কারণে প্রতিদিনই গাড়ি পরিষ্কার করতে হয়। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।