যাত্রাবাড়ীতে হেলে পড়া সাততলা আবাসিক ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজউক। একই সঙ্গে ভবনটির আশপাশে আরও পাঁচটি ভবনকেও ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে।
ইতিমধ্যে ওই সাততলা ভবন এবং পাশের আরেকটি পাঁচতলা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার সকালে যাত্রাবাড়ীর ধলপুরের লিচুবাগান এলাকায় শাহিদা ভিলা নামের ভবনটি পাশের পাঁচতলার আবাসিক ভবনের দিকে হেলে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যান। এরপর দুটি ভবন থেকে সব বাসিন্দাকে নামিয়ে দিয়ে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে সাততলা ভবনটিতে হঠাৎ একটি শব্দ হয়। এতে পাশের ভবনের পাঁচতলায় থাকা বিভিন্ন জিনিসপত্র মেঝেতে পড়ে যায়। পরে ওই ভবনের বাসিন্দারা দেখতে পান, সাততলা ভবনটির উপরিভাগ হেলে তাঁদের ভবনে লেগে গেছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে হইচই ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয় লোকজন যাত্রাবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে ফোন করে ঘটনার কথা জানান। ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে দেওয়ার পর রাজউকের কর্মকর্তারা ভবনটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন।
রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাততলা ভবনটিকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাশের পাঁচতলা ভবনটিসহ পাঁচটি ভবনকেও ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। তাই বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে ওই ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, সাততলা ভবন ও পাশের পাঁচতলা ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও রাজউক সূত্র বলছে, হেলে পড়া সাততলা ভবনটির মালিককে গতকাল শনিবার পর্যন্ত তারা খুঁজে পায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগে ওই ভবনটি ছিল দোতলা। বেশ কয়েক বছর আগে প্রথমে পাঁচতলা এবং পরে সাততলা পর্যন্ত বাড়ানো হয়। প্রতি তলায় রয়েছে চারটি করে ইউনিট। সেখানে স্বল্প আয়ের লোকজনের বসবাস। এ ছাড়া কয়েকটি ইউনিটে সাবলেটে ভাড়া দেওয়ায় ঘিঞ্জি অবস্থারও সৃষ্টি হয়।
রাজউক সূত্র জানায়, হেলে পড়া ভবনটি বেশ পুরোনো। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে তা তৈরি করা হয়েছে। এ ছাড়া আশপাশের আরও বেশ কয়েকটি ভবন নির্মাণেও নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়নি।