রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় গতকাল রোববার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন শেফালি বেগম (৪০) ও আল আমিন (২৭)।
পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে মাতুয়াইল এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মিনিবাস শেফালিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ছিটকে রাস্তার অন্য পাশে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বাস ও চালককে আটক করা যায়নি। গৃহবধূ শেফালির স্বামীর নাম নুরু মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লা।
শনিবার রাতে উত্তরার আজমপুরে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় আহত হন আল আমিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল ভোর সোয়া চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
আল আমিনের মামা স্বপন মিয়া জানান, শনিবার রাতে ঈদের কেনাকাটা করতে উত্তরখানের বাসা থেকে বের হন আল আমিন। কেনাকাটা শেষে ফেরার পথে উত্তরা আজমপুর রোড দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাঁকে ধাক্কা দেয়।
আল আমিনের বাবার নাম আলাউদ্দিন। বাড়ি উত্তরখান মাদারবাড়ি।