যাত্রাবাড়ী ও কাফরুলে দুজনের অস্বাভাবিক মৃত্যু
যাত্রাবাড়ী ও উত্তর কাফরুলে গতকাল মঙ্গলবার এক কিশোরীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন জুয়েল জর্জ তালুকদার (৪৭) ও স্মৃতি আক্তার (১৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েলের স্বজনেরা সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার ভোরে উত্তর কাফরুলের একটি বাড়ির ছয়তলার ওপর থেকে নিচে পড়ে যান জুয়েল। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। জুয়েলের মানসিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
কাফরুল থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, মা ও ভাইয়ের সঙ্গে ওই বাড়ির ষষ্ঠতলায় থাকতেন জুয়েল। মানসিক সমস্যার কারণে এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
অন্যদিকে সোমবার রাত দুইটার দিকে যাত্রাবাড়ীর নামাপাড়া এলাকার একটি বস্তিতে স্মৃতি আক্তার (১৪) নামের এক কিশোরীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।