যাত্রাবাড়ী ও মিরপুরে দুই যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুরে দুই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। নিহতদের একজনের নাম রাজীব (২৬)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, রাজীব সপরিবারে যাত্রাবাড়ীর কাজলার ভাঙাপ্রেস এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী রোজি অসুস্থ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গতকাল বেলা দেড়টার দিকে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্ল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এদিকে সকাল ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধসংলগ্ন ঢাল থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে শাহআলী থানার পুলিশ।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, দুর্বৃত্তরা ওই যুবককে জবাই করে হত্যা করেছে। ২৫ বছরের ওই যুবকের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন ছিল।
পুলিশের গুলিতে যুবক আহত: গেন্ডারিয়ায় গত মঙ্গলবার রাতে বেসরকারি একটি ব্যাংকের সামনে পুলিশের গুলিতে পিচ্চি রনি (২০) নামের এক যুবক আহত হন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক হরিদাস জানান, মঙ্গলবার রাতে রনিসহ একদল যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা গুলি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ পাল্টা গুলি চালালে রনি আহত হন। পুলিশ আহত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অন্যরা পালিয়েছেন।