যাত্রাবাড়ী-গুলিস্তান সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কারণে যানজট এড়াতে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচলের কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী-গুলিস্তান সড়কের অনেকখানি অংশজুড়ে শুরু হয়েছে ফ্লাইওভারের নির্মাণকাজ। এ কারণে রাস্তায় যান চলাচলের জায়গা কমে গেছে। ফলে ওই এলাকার সড়কগুলোতে যানজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশের এই উদ্যোগ বলে জানিয়েছেন মহানগর পুলিশের একজন কর্মকর্তা।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ ফারুক সড়কটি দিয়ে শুধু একদিকে (একমুখী) যান চলাচল করবে। অর্থাৎ যাত্রাবাড়ী থেকে শুধু দয়াগঞ্জ যেতে পারবে যানবাহনগুলো। যাত্রাবাড়ী ক্রসিং থেকে টিকাটুলীগামী জনপরিবহনগুলো (বাস ও মিনিবাস) সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে দিয়ে না গিয়ে শহীদ ফারুক সড়ক দিয়ে দয়াগঞ্জ চৌরাস্তা হয়ে দয়াগঞ্জ ট্রাক টার্মিনালের সামনে দিয়ে টিকাটুলীতে যাবে।