যাত্রাবাড়ী থেকে জেএমবির দুই সদস্য গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে জেএমবির সারওয়ার গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জঙ্গিবাদী বই ও লিফলেট। বুধবার ভোরে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজানুর রহমান ওরফে আবদুল্লাহ ওরফে আবদুল্লাহ আল মিজান (৩৭) এবং ইব্রাহীম খলিল ওরফে ইব্রাহীম ওরফে শাহজাহান (৩০)।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালে মিজানুর রহমান জঙ্গিবাদে সম্পৃক্ত হন। পরে সাভার এলাকায় জেএমবির দাওয়াতি কাজ শুরু করেন। এ পর্যন্ত ৬০-৭০ জনকে জেএমবিতে সম্পৃক্ত করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুপালং এলাকায় জেএমবির কার্যক্রম চালাতে এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন। তাঁর মাধ্যমে জেএমবিতে এসেছেন ইব্রাহীম খলিল। জেএমবির (সারওয়ার গ্রুপ) সাত সদস্যের দাওয়াতি কমিটির একজন সক্রিয় সদস্য তিনি।
র্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।